আওয়ামী লীগই আলোচনা চায় না: ফখরুল
রাজনৈতিক সঙ্কট অবসানে আলোচনা না হওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দুষলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমরা সব সময় আলোচনার পক্ষে। আমাদের নেত্রী বার বার আলোচনার কথা বলেছেন।
“কিন্তু আওয়ামী লীগ সরকারই আলোচনা চায় না। তাদের মন্ত্রীরাই বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে সরকারের পক্ষ থেকে শর্তহীন আলোচনার কথা বলা হলেও আগে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের প্রতিশ্রুতি চেয়েছে বিএনপি।
তবে সংলাপের এই আলোচনার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সমাবেশে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে সরকার পতন আন্দোলনের ডাক দেন।
এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, আলোচনা চাইল ‘ষড়যন্ত্র’ বাদ দিয়ে আসতে হবে।
জনগণের স্বার্থেই খালেদার ভারত সফর: ফখরুল
দেশে সঙ্কট চলছে দাবি করে তিনি বলেন, “নিজেদের ব্যর্থতাকে আড়াল করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যেতে সরকার নানা কলাকৌশল ও তামাসা করছে।
“বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, কখনোই সহিংসতা করেনি। সরকারই নির্বিচারে মানুষ হত্যা করে, বিরোধী নেতা-কর্মীদের গুম করে দেশে এক ত্রাসের অবস্থা সৃষ্টি করছে।”
হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে ফখরুল বলেন, “হল-মার্ককে আরো অর্থ দেয়া হবে- সম্প্রতি অর্থমন্ত্রীর এরকম বক্তব্য প্রমাণ হয়, এই কেলেঙ্কারির সঙ্গে সরকারের রথি-মহারথীরা জড়িত।”
বিচার বিভাগে সরকার ‘দলীয়করণ’ করছে বলে অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।
“এই অবস্থা থেকে উত্তরণে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের কোনো বিকল্প নেই,” বলেন তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এর যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সরকার পতনের আন্দোলনে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বানও জানান ফখরুল।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, সহসভাপতি আবুল হোসেন প্রমুখ।
