২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের দুই পক্ষ মুখোমুখি, তেঁতুলিয়ায় ১৪৪ ধারা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সম্মেলনকে কেন্দ্র জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পঞ্চগড় প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 05:05 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

তেঁতুলিয়া থানার ওসি মনোজ কুমার রায় জানান, উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের কার্যালয় ও এর আশপাশের এলাকায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

“শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক পক্ষ সম্মেলনের আহ্বান করেছে। অপর পক্ষ ওই সম্মেলনে বাধা দিতে পারে বলে আমাদের কাছে খবর আছে।”

বিশৃঙ্খলা ঠেকাতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

সম্মেলনের আহ্বান করা উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক নাইবুল ইসলাম বলেন, “জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মাজহারুল হক প্রধানের প্রত্যক্ষ মদদে সংগঠনকে কুক্ষিগত ও বিতর্কিত করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু তার বাহিনী দিয়ে সম্মেলন ঠেকানোর অপচেষ্টা করছে।”

তারাই ‘প্রশাসনকে দিয়ে’ ১৪৪ ধারা জারি করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ অভিযোগ অস্বীকার করে ডাবলু বলেন, “জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ নুরুল ইসলাম সুজন ও ফরিদা আখতারের পৃষ্ঠপোষকতায় কিছু ব্যক্তি সংগঠনকে বিভক্ত করে রেখেছে। তারাই দলের বেশিরভাগ নেতাকর্মীকে বাইরে রেখে সম্মেলনের আয়োজন করেছে। যা কেউ মেনে নেবে না।”