নতুন কর্মসূচি শিগগিরই: ফখরুল
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে টানা ৩৬ ঘণ্টা হরতালের পর নতুন কোনো কর্মসূচি দেয়নি বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
তারা বলছে, শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এইচএসসি পরীক্ষা চলার সময় হরতালের মতো কর্মসূচি দেয়া হবে কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে তিনি বলেন, “এই বিষয়টি সবসময় বিবেচনায় রেখেই আমরা কর্মসূচি দিয়ে থাকি।
হরতাল শেষে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমরা বার বার বলছি, দেশের স্বার্থে গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হউন। নির্দলীয় সরকারসহ আমাদের সব যৌক্তিক দাবি মেনে নিন।
“কিন্তু সরকার আমাদের দাবির প্রতি এখনো শ্রদ্ধাশীল নয়। তাই আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে শিগগিরই নতুন কর্মসূচি জানিয়ে দেব।”
গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৩৬ ঘণ্টার এই হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় তাদের হরতাল।
বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বিভিন্ন রুটে চলেছে নগর পরিবহনের বাস। ছবিটি পল্টন থেকে তোলা।
এই সময়ে এক হাজার ৯৩৮ জনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দেয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে ছয় জনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে এই বিএনপি নেতা আরো বলেন, সারা দেশে সর্বাত্মক হরতাল পালনের জন্য বিরোধী দলীয় নেতা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
‘সতর্ক সংকেত ছাড়াই গুলি’
কোনো সতর্ক সংকেত ছাড়াই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, গত ২, ৬ ও ১১ মার্চ আমাদের কর্মসূচিতে কীভাবে পুলিশ গুলিবর্ষণ করেছে তা দেশবাসী দেখেছে। ‘দেখা মাত্র গুলির’ নির্দেশের কথা গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন। তার এরকম বক্তব্য ‘হিংস্রতার বহিঃপ্রকাশ’।
“গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগামহীন বক্তব্য প্রমাণ করে, জনগণ ও গণতান্ত্রিক রীতিনীতির ওপর সরকারের কোনো আস্থা নেই। তারা সব কিছু জলাঞ্জলি দিয়ে গদি রক্ষার জন্য এরকম হিংস্রতা দেখাচ্ছে।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব হাসান জাফরি তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাশকতার ঘটনায় ১২ মামলা
হরতালের প্রথম দিন ও তার আগের দিন গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের জন্য রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়েছে।
এর মধ্যে হরতালের প্রথম দিনের নাশকতায় পাঁচটি এবং আগের দিন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সাতটি মামলা হয়।
হরতালের দ্বিতীয় দিনে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালায় পিকেটাররা।
নিউমার্কেট, মতিঝিল ও কাফরুল থানার একটিসহ মোট তিনটি মামলা বিস্ফোরক আইনে এবং বাকি দুটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা হয়েছে।
আসামিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে হরতালের প্রথম দিন নাশকতায় জড়িত সন্দেহে রাজধানীতে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়।
হরতালের আগের দিন অর্থাৎ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনায় সাতটি মামলা হয়।
এর আগে ১৮ ও ১৯ মার্চের হরতালের আগের দিন রাজধানীতে প্রায় ২০টি যানবাহনে আগুন দেয়া হয়। ওই ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২৫ মামলা করা হয়।
