‘মানুষকে কষ্ট না দিয়ে পাকিস্তান চলে যান’
যুদ্ধাপরাধীদের ‘রক্ষায়’ জনদুর্ভোগের কর্মসূচি আর না দিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরতালের আগের দিন স্বাধীনতা দিবসে গাড়িতে আগুন দেয়ার সমালোচনাও করেছেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার চেহারা আজ স্পষ্ট হয়ে গেছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা স্বাধীনতাবিরোধীদের রক্ষা করতে চায়, বাংলার মাটিতে তাদের স্থান নাই।
“বাংলাদেশের মানুষকে আর জ্বালাতন করবেন না। পুড়িয়ে মানুষ হত্যা করবেন না। আপনার ‘পেয়ারের’ পাকিস্তানে চলে যান।”
“ওখানেই (পাকিস্তান) যান। ওখানেই ভালো থাকবেন। আমাদের আর কষ্ট দিয়েন না, জ্বালায়েন না,” বলেন শেখ হাসিনা।
ক্ষমতাচ্যুত হলে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে পালিয়েও পার পাবেন না- জয়পুরহাটে সমাবেশে খালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) আমার পালানোর কথা বললেন। আমি এখানেই থাকব। এই মাটি আমার।
“উনার (খালেদা জিয়া) জন্ম তো ভারতে। উনার এই মাটির প্রতি মায়া নাই।”
“উনি তো বাংলাদেশের স্বাধীনতায়ই বিশ্বাস করেন না। আপনার বুকে যো পেয়ার থা, ওই পেয়ার লে কে পাকিস্তান মে যাইয়ে,” উর্দু মিশিয়ে বলেন তিনি।
‘পালানোর স্বভাব’ খালেদা জিয়ার- এই মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “উনি বিডিআর বিদ্রোহের আগে কেন পালালেন? উনি কী আগে থেকেই জানতেন? উনি কোথায় লুকিয়ে ছিলেন? এটাই আমার প্রশ্ন।”
বিরোধী নেতাকে ‘স্বাধীনতার পরাজিত শক্তির নেত্রী’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “উনি ভালো করেই জানেন- এদেশের মানুষ তাকে ভোট দেবে না।”
এই প্রসঙ্গে সিঙ্গাপুর থেকে বিরোধীদলীয় নেতার ছোট ছেলে আরাফাত রহমানের আটক করা টাকা ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি।
বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী বসে থাকবে না- বিরোধীদলীয় নেতার এই বক্তব্য ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, “এখন উনার (খালেদা জিয়া) আর গণতন্ত্র পছন্দ হচ্ছে না। তাই এখন সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে।গণতন্ত্র ধ্বংসে উঠে-পড়ে লেগেছেন।”
“ভুলে যাবেন না। এখন ৭৫’ সাল না। এটা ২০১৩ সাল, পৃথিবী অনেক বদলেছে,”, বিরোধীদলীয় নেতাকে হুঁশিয়ার করেন তিনি।
‘কারো পরামর্শে’ বিরোধীদলীয় নেতা গণতন্ত্র ‘ধ্বংস’ করতে চাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “যে ষড়যন্ত্র করুক না কেন, মানুষ এখন অনেক সচেতন।”
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা আবার মানুষ হত্যা শুরু করেছেন। মানুষের রক্ত না দেখলে মনে হয় ওনার ভালো লাগে না। ওনার রক্তপিপাসু চেহারা আজ স্পষ্ট।”
২৭ মার্চ হরতাল ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আপনারা বলেন, ২৭ তারিখ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিনই আবার জামাতকে রক্ষা করতে হরতাল দিলেন!
“উনি (খালেদা জিয়া) কোনটা বিশ্বাস করেন- স্বামীর ঘোষণা, নাকি জামাতের সঙ্গে হরতাল?”
‘গণহত্যার’ জন্য বর্তমান প্রধানমন্ত্রীর বিচার করা হবে বলে বিরোধীদলীয় নেতার ঘোষণার জবাবে শেখ হাসিনা বলেন, “গণহত্যা তো আপনি করেছেন- বিএনপি নেত্রী। গণহত্যার জন্য বিচার হলে- এই মাটিতে আপনার বিচার হবে।”
এই বলে ২০০১ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা এবং অপারেশন ক্লিনহার্ট ও র্যাব গঠনের পর আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যার বিষয়টি উল্লেখ করেন তিনি।
“আর, হিন্দু হলে তো রক্ষাই নেই। ওনার ইতিহাস যদি বলতে যাই- তাহলে তা অনেক লম্বা হবে।”
বিরোধীদলীয় নেতা গণতন্ত্রে বিশ্বাস করে না অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীর কাঁধে চড়ে ক্ষমতায় এসে ওনার স্বামী সৈনিক ও অফিসার হত্যা শুরু করে।”
১৯৭৭ সালে বিমানবাহিনীর ৬৬৫ জন সদস্য হত্যার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
আলোচনা সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যে সব এলাকায় বিএনপি ও জামায়াতের সদস্যরা নৈরাজ্য সৃষ্টি করছে- তাদের তালিকা করতে হবে।
“জনগণের সঙ্গে থেকে জানমালের নিরাপত্তা দিতে হবে।”
শেখ হাসিনা বলেন, “মানুষের জীবনের জানমাল রক্ষায় যা যা করার তা কবরো। এজন্য জনগণের সহায়তা চাই। আমাদের নেতা-কর্মীদেরও জনগণের পাশে থাকতে হবে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারাও বক্তব্য রাখেন।
