ফখরুলদের বিরুদ্ধে ৩ মামলায় অভিযোগপত্র
পল্টন ও শাহাজাহানপুর থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার বিকালে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এই তিন মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এর মধ্যে পল্টন থানার মামলায় ফখরুল, মওদুদ, গয়েশ্বর, আমান, নোমান, আলালসহ ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেয়া হয়েছে। এর গ্রহণযোগ্যতার উপর শুনানি আগামী ৭ এপ্রিল শুনানি হবে।
একই থানার আরেকটি মামলায় মওদুদ, গয়েশ্বর, আব্বাস, আমান, আলালসহ ৪৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আগামী ৩ এপ্রিল এ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির তারিখ রেখেছে আদালত।
এ ছাড়া শাহাজাহানপুর থানায় দায়ের করা মামলায় ফখরুল, মওদুদ, আব্বাস, নোমান, আলালসহ ২৩ জনের বিরুদ্ধে দেয়া হয়েছে অভিযোগপত্র। ৭ এপ্রিল এ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি দিন রাখা হয়েছে।
গত ২ মার্চ বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে রাজধানীর শান্তিনগর ও মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় রমনা মডেল থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ।
