২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ হত্যাসহ বিভিন্ন অভিযোগে ইসলামি ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিরাজউদদৌল্লা রোডের জামায়াতের অফিসের আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক আয়ূব আলী ও লোহাগাড়া বারআউলিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সহ সভাপতি মোহাম্মদ শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা পুলিশ তাদেরকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, ভাংচুর ও পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা তালিকাভুক্ত আসামি বলে ওসি জানান।

ওই দিন যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতা দেলোয়ার হোনাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর লোহাগাড়ায় ছাত্র শিবিরের এ দুই নেতার নেতৃত্বে হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।