রিজভীদের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি বৃহস্পতিবার
নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে ২৮ মার্চ।
সোমবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুনানির এই দিন ধার্য করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, জাগপা নেতা শফিউল আলম প্রধান প্রমুখ।
গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।
আদালত এ দুই মামলায় রিজভী, আমান ও ফারুককে কারাগারে এবং বাকি ১৫১ জনকে ইতোমধ্যে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে।
দ্রুত বিচার আইনের মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী গত ২০ মার্চ ১৫১ আসামিকে তিন দিন এবং বিস্ফোরণের মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের মামলায় অভিযোগপত্র গ্রহণের অর্থাৎ মামলা আমলে নেয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
আর অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন দুই বছর এবং সবোর্চ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
