সরকার হটাতে ঢাকা আসার আহ্বান খালেদার
সরকারকে ‘বিদায়’ করতে আবারো ‘ঢাকা চলো’ কর্মসূচি আসতে পারে বলে ইংগিত দিয়েছেন খালেদা জিয়া।
রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবিতে এক সমাবেশে সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “সরকার বিদায় করতে সোমবার আমরা কর্মসূচি দেবো। এবার আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হলে তার পরিণতি ভয়ংকর হবে।”
“এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার বাধ্য হবে ক্ষমতা ছাড়তে। প্রয়োজেন আবার ‘ঢাকা চলো’ কর্মসূচি হবে। এবারের ঢাকা চলোতে আপনারা সবাই ঢাকা যাবেন, সরকারকে বিদায় করে দেশে ফিরবেন।”
এর আগে গত বছরের ১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচিতে ১২ মার্চ মহাসমাবেশ করেছিল বিএনপি। এ কর্মসূচিকে সরকারের বাধার প্রতিবাদে হরতালও ডাকে দলটি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই শোক সমাবেশ হয়। বগুড়া থেকে সড়কপথে দুপুর ২টার দিকে পাঁচবিবিতে পৌঁছেন খালেদা। উপজেলার প্রবেশপথ থেকে খালেদা জিয়ার গাড়িবহরকে মোটর সাইকেল শোভাযাত্রা সহ মাঠে নিয়ে আসা হয়।
গত ৩ মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচবিবিতে ৬ জন মারা যায়। বিরোধী দলীয় নেতা মঞ্চে উঠে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আর্থিক অনুদানও দেন।।
বর্তমান সরকারকে “মানুষ হত্যাকারী” সরকার হিসেবে অভিহিত করে খালেদা জিয়া বলেন, “সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে গণহত্যা চালিয়ে ১৭০ জন সাধারণ মানুষ হত্যা করেছে। বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এজন্য বর্তমান সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে।”
“প্রধানমন্ত্রীকে বলব, আমাদের কাছে খুনের খতিয়ান আছে। ক্ষমতাচ্যুত হলে আপনি বিদেশে পালিয়ে পার পাবেন না। পৃথিবীর সেখানেই আপনি থাকেন না কেনো, খুঁজে বের করে আপনাকে দেশের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরে খালেদা জিয়া বলেন, “দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি করতে হবে।”
‘সরকার হটানোর আন্দোলনে’ জয়পুরের পাঁচবিবিবাসীর আত্মত্যাগে তাদের অভিনন্দনও জানান বিরোধী দলীয় নেতা।
পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ রেখে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “জনগনের ওপর গুলি করা বন্ধ করুন। এই সরকারের ক্ষমতা নেই।”
সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “বাংলাদেশকে দেউলিয়া করে তারা (সরকার) প্রতিবেশি দেশের স্বার্থ রক্ষা করছে। আমাদের সীমান্তে প্রতিবেশী দেশের বিএসএফ ঢুকে গুলি করে মানুষ হত্যা করে চলে যায়। বোবা সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না।”
“প্রতিবেশী দেশের বাজার সৃষ্টির জন্য সরকার দেশের গামেন্টর্স শিল্পকে ধ্বংস করে দিচ্ছে”, অভিযোগ করেন তিনি।
নৌকা ছেড়ে ধানের শীষের পক্ষে থাকার জন্য জয়পুরবাসীর প্রতি আহবানও জানান বিএনপি চেয়ারপারসন।
জেলা সভাপতি সংসদ সদস্য মোজাহের আলী প্রধানের সভাপতিত্বে শোক সমাবেশে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, সাবেক সাংসদ হাসনা মওদুদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বগুড়া সার্কিট হাউজ থেকে জয়পুরহাট যাওয়ার পথে মাটিডালী বিমান মোড়ে কর্মসূচির প্রথম শোক সমাবেশে সরকার পতনে সোমবার বড় ধরনের এই কর্মসূচি দেয়ার ঘোষণা করেছিলেন খালদা।
পাঁচবিবির জনসভা শেষ করে খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে গাবতলীর রামেশ্বরপুর ও সোনারায় ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন, নিহতদের ক্ষতিপুরন প্রদান এবং বিকালে শাহজাহানপুরে আড়িয়া বাজারের শোক সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
গত সপ্তাহে খালেদা জিয়া সস্ত্রাসী হামলা ক্ষতিগ্রস্থ মন্দির দেখতে মুন্সিগঞ্জ এবং পুলিশের গুলিতে নিহতদের পরিবারদের সাত্বনা জানাতে মানিকগঞ্জের শিংগাইর যান।
