‘শামীম ওসমানকে না’গঞ্জ ছাড়তে বাধ্য করা হবে’
আওয়ামী লীগ নেতা শামীম ওসমাকে প্রয়োজনে নারায়ণগঞ্জ ছাড়তে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
জেলা আইনজীবী সমিতির পুরাতন মিলনায়তনে ‘গুম-খুনের রাজনীতি: ত্বকী হত্যা ও আমাদের নারায়ণগঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ জেলা কমিটি।
এ সময় শামীম ওসমান ও তার পরিবারকে নারায়ণগঞ্জ থেকে নিবার্চন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করারও ঘোষণা দেয়া হয়।
ত্বকী হত্যার ঘটনায় সরাসরি শামীম ওসমান ও তার পরিবারকে দোষারোপ করেন বক্তারা।
তারা বলেন, ত্বকীর বাবা হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান তার ছেলেসহ সাত জনের নামে সুস্পষ্ট অভিযোগ দেয়ার পরও পুলিশ সাত নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে আর অন্যদের ব্যাপারে কোনোকিছুই করছে না।
তারা ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, সাধারণ সম্পাদক মোশারফা মিশু, সংগঠক সাইফুল হক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘর জেলা সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সমন্বয়ক নিখিল, ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, কৃষকলীগ সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহম্মেদ, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ প্রমুখ।
গত ৬ মার্চ সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বীর ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ৮ র্মাচ সকাল পৌঁনে ১০টায় শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
