লালমনিরহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন
লালমনিরহাট শহরে বঙ্গবন্ধু, প্রধান মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত কয়েকটি ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শহরের মিশন মোড় আলোকিত স্তম্ভে বুধবার গভীর রাতে এ ঘটনায় ব্যানার তিনটির অর্ধেক করে পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, আলোকিত স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কয়েকটি ডিজিটাল ব্যানার টাঙ্গানো ছিল।
রাতে কে বা কারা তিনটি ব্যানারে আগুন দেয়।
বিষয়টির তদন্ত চলছে বলে তিনি জানান।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান বলেন, স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুর ছবিতে আগুন দিয়েছে।
