ঢাকার বাইরে জনসভায় ১৪ দল
যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর তাণ্ডব এবং বিএনপির সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকার বাইরেও নিজেদের শক্তিমত্তা তুলে ধরতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
ঢাকায় সোমবার আওয়ামী লীগের সমাবেশের পর মঙ্গলবার ১৪ দলের এক বৈঠকে কয়েকটি জেলায় জনসভার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সাতক্ষীরায় ১৪ দলের জনসভা হবে। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন থাকবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মার্চ বগুড়ায় জনসভা হবে। তার আগে চলতি মাসেই চট্টগ্রাম ও গাইবান্ধায় জনসভা হবে।
সন্ত্রাস, নৈরাজ্য ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এই জনসভাগুলো হবে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বগুড়াসহ ওই জেলাগুলোতে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে ওই বৈঠকে নাসিম বলেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে নৈরাজ্য ও রক্তপাতের কথা বলেছিলেন, তা তিনি শুরু করে দিয়েছেন। যারা নৈরাজ্য চালাচ্ছে, তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।”
বৈঠকে ১৪ দলের নেতারা বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনের প্রতিবেদন দেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাবও দেন শরিক দলগুলোর নেতারা।
বৈঠকে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, জাসদের শিরিন আখতার, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান ও অসিত বরণ রায়, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, মজদুর পার্টির জাকির হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
