কারাবন্দি ফারুক হাসপাতালে
বুকে ব্যথা অনুভব করায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে কাশিমপুর কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার বিকালে বিরোধীদলীয় প্রধান হুইপকে হাসপাতালে নেয়া হয় বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন।
হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পরপরই বিএনপি নেতাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
গত ১১ মার্চ বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে দেড় শতাধিক নেতা-কর্মীর সঙ্গে ফারুককেও আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়।
প্রচার সম্পাদক ফারুকসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সোম ও মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “বিরোধীদলীয় প্রধান হুইপ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার উচ্চ রক্তচাপও রয়েছে।”
ডা. সুব্রত জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ফারুককে হাসপাতালে আনা হয়।
ফারুকের হৃদপিণ্ডে আগে থেকে রিং পরানো রয়েছে বলে জানান তিনি।
কাশিমপুরের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি নেতা বুকে ব্যথা অনুভব করলে গাজীপুর সদর হাসপাতাল থেকে ডা. দুরুল হুদা কারাগারে এনে তাকে দেখেন।
ওই চিকিৎসকের পরামর্শেই ফারুককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়ে।
কাশিমপুরের পার্ট-২ এর কারারক্ষক সুভাষ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ মার্চ ফারুককে কাশিমপুরে নেয়া হয়।
কাশিমপুরের পার্ট-১ এর কারারক্ষক নেছার আলম জানান, বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মো. শাহজাহান বর্তমানে ওই কারাগারে রয়েছেন।
কাশিমপুরের কারা তত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাক জানান, ১১ মার্চ গ্রেপ্তার জাগপা সভাপতি শফিউল আলম প্রধানও ওই কারাগারে রয়েছেন।
