হরতালে মৃত্যু হলে দায় খালেদার: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির ডাকা হরতালে কেউ মারা গেলে বিরোধী দলীয় নেতাকে তার দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ফাইল ছবি
শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক জনসভায় ১৮ ও ১৯ মার্চ হরতাল পালনের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, “এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে।”
খালেদার এ বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বক্তব্য দিয়ে আইনের দৃষ্টিতে অন্যায় করেছেন খালেদা জিয়া।”
জনস্বার্থে সরকার হরতাল প্র্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুন্সিগঞ্জের বক্তব্যের সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে জয়ী হতে পারবেন না এটা বুঝতে পেরে বিরোধী দলীয় নেত্রী উন্মাদ হয়ে গেছেন। আর তাই তিনি বিভিন্ন স্থানে বক্তব্য দিতে গিয়ে প্রলাপ বকছেন। মিথ্যাচার করছেন।”
খালেদার বক্তব্যকে ‘দণ্ডবিধি অনুসারে অপরাধ’ বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া হরতালে কোন প্রাণহানির দায়ও খালেদা জিয়াকে বহন করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, “এবারের হরতালে সরকারসহ আইন শৃংখলাবাহিনী জিরো টলারেন্স দেখাবে।
টানা দুই দিনের হরতালের পর সরকার পতনে আরো হরতাল-ঘেরাও কর্মসূচির হুমকিও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে জামায়াতি তাণ্ডবের মধ্যে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের কারণে রাজনৈতিক সংঘাত চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন অনেকে।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পর সরকারি হিসেবে সারাদেশে সহিংসতায় নিহত হয় ৬৭ জন। এর মধ্যে সাত পুলিশ সদস্যও রয়েছেন।
তবে জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন খালেদা জিয়া।
এজন্য সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেন, “তারা পুলিশ দিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। এই পর্যন্ত ১৭০ জন মানুষ হত্যা হয়েছে।”
