২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপ নাকচ করে খালেদা সংঘাত চাইছেন’

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপ নাকচ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 05:02 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এখনো সংলাপ হতে পারে বলে মত দেন তিনি।

সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে হানিফই কেবল বিরোধী দলের নেতা খালেদা জিয়ার আগের দিনের বক্তব্যের জবাব দেন।

মানিকগঞ্জের সিঙ্গাইরে জনসভায় সংলাপ নাকচ করে সরকার পতন আন্দোলনের ডাক দেন খালেদা জিয়া। সরকারকে ‘খুনি’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তাদের সঙ্গে আর কোনো কথা বলে লাভ নেই।”

জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, “বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপ নাকচ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।”

এখনো সংলাপ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “যে কোনো জায়গায় যে কোনো সময় সংলাপ হতে কোনো অসুবিধা নেই।”

বর্তমান পরিস্থিতিতে ওয়ান ইলেভেনের মতো তৃতীয় শক্তি আসার কোনো সম্ভাবনা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তেমন কোনো আশঙ্কা নেই। দেশের জনগণ সরকার ও আওয়ামী লীগ মনে করে, ওয়ান ইলভেনের কোনো সম্ভবনা নেই”।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিপরীতমুখী অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কট অবসানে বিভিন্ন মহল থেকে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের কথা বলা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “সরকার প্রধানকে সংলাপের আনুষ্ঠানিক বা লিখিতভাবে প্রস্তাব জানাতে হবে। এরপর দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

এরপর বিকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সংলাপের জন্য সরকার তৈরি, বিরোধী দলকে শর্ত বাদ দিয়ে আসতে হবে।  

এরপরই সিঙ্গাইরে জনসভায় খালেদা জিয়া সরকারের সঙ্গে সংলাপের সম্ভবনা  নাকচ করে  সরকার পতন আন্দোলনের ডাক দেন।

পুরনো খবর:

সংলাপ নয়, আন্দোলন: খালেদা