সরকারের অবস্থান জানতে চান বিশিষ্ট নাগরিকরা
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্টভাবে জানতে চেয়েছে দেশের নাগরিক সমাজ।
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক তাণ্ডবের বিষয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বানও জানানো হয়েছে।
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শনিবার নাগরিক সমাজের মহাসম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়।
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী গণজাগরণের মধ্যে নাগরিক সমাজের এই সমাবেশ হল।
শাহবাগের আন্দোলনকারীদের প্রশংসা করেছেন নাগরিকরা। তরুণদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনাও করেন তারা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, মানবাধিকারকর্মীরা।
সকাল থেকে চলা এই সম্মেলনে দুপুরে চার দফা ঘোষণাপত্র উপস্থাপন করেন সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী।
ঘোষণাপত্রে বলা হয়-
(১) এই মহাসম্মেলন মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের জন্য শাহবাগের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাচ্ছে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে সর্বপ্রকার অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছে।
(২) এই মহাসম্মেলন মনে করে যে, এদেশে জামায়াত–শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(৩) এই মহাসম্মেলন আরো মনে করে যে, জামায়াত-শিবিরের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে সরকারের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এখনো অনুপস্থিত। ইতোমধ্যে সন্ত্রাস বোমাবাজি, ভাঙচুর এবং হুমকির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
এই মহাসম্মেলন এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জাতির কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।
(৪) নাগরিক সমাজের এই আন্দোলন অব্যাহত রাখার এবং দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য ১০০১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে। অচিরেই এই কমিটির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে।
মহাসম্মেলনে বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায় দেয় শুরুর পর তারা (জামায়াত-শিবির) গৃহযুদ্ধের হুমকি দিয়ে মাঠে নেমেছে।
“মুক্তিযুদ্ধের সময় তারা গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটিয়েছিল ৪২ বছর পর তারা একই কাজ করছে। আজ তারা সে পথেই হাঁটছে।”
গণজাগরণ মঞ্চের তরুণ প্রজন্মকে ‘নষ্ট’ আখ্যায়িত করে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তিনি যেভাবে স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়েছেন তা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে যাচ্ছে।”
শাহবাগে তারুণ্যের আন্দোলনের আনিসুজ্জামান বলেন, “যারা শাহবাগের আন্দোলনে ভিন্ন উদ্দেশ্য দেখতে পান, তারা এখনো পাকিস্তানের গন্ধ পান।”
জামায়াত-শিবিরের আর্থিক ক্ষমতার উৎস বন্ধ করতে না পারলে তারা অন্যভাবে ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সুলতানা কামাল বলেন, সময় এসেছে জামায়াতকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিষিদ্ধ করার। আজ তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে তা ’৭১ সালের পুনরাবৃত্তি।
“তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি না দিতে পারলে এটা আমাদের সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম কাজ হবে।”
জামায়াত-শিবিরের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইন দিয়ে খূব সহজেই তাদের নিষিদ্ধ করা সম্ভব বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
সম্মেলনে বিশেষ ক্ষমতা আইনের ২০ ধারা অনুযায়ী জামায়াত–শিবিরকে ‘আত্মসমর্পণের’ সুযোগ দিয়ে তাদের নিষিদ্ধ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
তিনি বলেন, সাম্প্রাতিক সময়ে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যত্রুম পর্যালোচনা করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করা যেতে পারে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আরেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, সারাদেশে সংঘাতের রাজনীতি শুরু হয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি।
“তারা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। এনিয়ে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এটি দূর করতে হলে সরকারকেই উদ্বেগ নিতে হবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, যুদ্ধাপরাধী পরাধীন শক্তির বিচার বানচাল করতে জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কাজী খলীকুজ্জমান আহমেদ বলেন, “শাহবাগের আন্দোলন আবারো আমাদের চোখ খুলে দিয়েছে। তরুণ প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে দিয়েছে।”
ব্যারিস্টার আমীর-উল ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, “সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার পরও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই নিযার্তনের ওপর সরকার একটি প্রেস নোটও দেয়নি।”
অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম বলেন, “বড় দুটি দল জামায়াতকে দুধ-কলা দিয়ে পোষণ করেছে। সেই সাপের ফনার মুখে দুই দলই দাঁড়িয়ে আছে।”
খালেদা জিয়ার জামায়াতের পক্ষ নেয়াকে আত্মঘাতী উল্লেখ করে জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেয়া আমিন আহমেদ বলেন, “তিনি যুদ্ধাপরাধীদের জন্য মায়াকান্না করছেন- তা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত।”
নাগরিক সমাজের পক্ষে যৌথভাবে এই সম্মেলন ডাক দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অজয় রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, মোহাম্মদ ফরাসউদ্দিন, আকবর আলি খান, অধ্যাপক আবদুল মান্নান, সারওয়ার আলী, মুহম্মদ জাফর ইকবাল, আবেদ খান, সুলতানা কামাল, সেলিনা হোসেন, শাহদীন মালিক প্রমুখ।
সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ এ আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
