২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল সফলের আহ্বান ফখরুলের

কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে আগামী ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

পরদিন মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও বাকিদের বিরুদ্ধে মামলা করেছে।

রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ এই নেতাদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

ফখরুল বলেন, “দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছিল, আটক নেতাদের গত বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে ১৮ ও ১৯ হরতাল হবে। সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। তাই ঘোষিত হরতাল হবেই।”

সরকার বিরোধী দল দমনের ‘নীতি’ অনুসরণ করছে দাবি করে তিনি বলেন, “গত ২২ দিনে সারাদেশে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪০ জনের ওপর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে। ওই সব মামলায় আড়াই লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

“কেবল তাই নয়, কম্বিং অভিযান চালিয়ে পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, বাড়ি ছাড়া করছে। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “তিনি বলেছেন, বিরোধী দলকে শক্তহাতে দমন করবেন। আমি বিনয়ের সঙ্গে ড. মহীউদ্দিন খান আলমগীরকে বলব, এটা গণতন্ত্রের ভাষা নয়। এটা স্বৈরাচারের ভাষা।”

“আন্দোলনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে,” বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে ফখরুলের সঙ্গে ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, জাসাস সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ।