খুলনায় দুর্বৃত্তের ছুরিতে পুলিশ নিহত
খুলনায় অটোরিকশা তল্লাশি করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক পুলিশ কনস্টেবল।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশার অপর দুই আরোহীকে আটক করেছে। হামলাকারী একজন ছিনতাইকারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে তিন জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পথের বাজার এলাকায় পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য পুলিশ তাদের থামায়। এ সময় এক আরোহী লাফ দিয়ে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবল বরুণ এ সময় ওই আরোহীর পিছু নিলে সে ফারাজী বাড়ী লেনের একটি গলিতে ঢুকে পড়ে। বরুণ সেখানে গিয়ে তাকে জাপটে ধরে ফেললে যাত্রীবেশী সেই দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বরুণের বুকে দুই বার এবং পিঠে একবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান বরুণ।
এদিকে তার মৃত্যুর খবরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান। রাত ১টার দিকে বরুণের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক জানান, অটোরিকশার অপর দুই যাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
