২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সিটি নির্বাচনের উদ্যোগ

মেয়াদোত্তীর্ণ চারটি সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

আগামী জুন মাসে এক দিনে চারটি নির্বাচনের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

তবে তিনি একইসঙ্গে বলেছেন, এই পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে ওই চারটি এলাকার নতুন ভোটার তালিকার সিডি ও মুদ্রণ কপি চূড়ান্তের ওপর।

এই সিটি কর্পোরেশনগুলো হচ্ছে- রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন।

২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের পর আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই চারটি সিটি কর্পোরেশনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

জাবেদ আলী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এই সব সিটি করপোরেশনের নির্বাচন আগামী ৬ জুন করার একটি প্রস্তাব উপস্থাপন করেছে ইসি সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।”

এই প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জুলাইয়ের প্রথম সপ্তাহে রমজান মাস শুরু হচ্ছে, ঈদ হবে আগস্টের প্রথম সপ্তাহে, জুলাই-অগাস্টে বৃষ্টির মৌসুম রয়েছে- এই বিষয়গুলোও ইসির ভাবনায় রয়েছে।

“এক্ষেত্রে এপ্রিল-মে মাসে নিখুঁত ভোটার তালিকার চূড়ান্ত মুদ্রণ ও প্রার্থীদের সরবরাহের মতো সিডি সরবরাহ সম্ভব হলে নির্ধারিত সময়ে নির্বাচন করা যাবে,” বলেন নির্বাচন কমিশনার।

“সবকিছু বিবেচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে ইসি।”

ইসি কর্মকর্তারা জানান, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপারেশনের নির্বাচন ২০০৮ সালের ৪ অগাস্ট অনুষ্ঠিত হলেও এগুলোর প্রথম সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন তারিখে।

সিটি কর্পোরেশন আইন অনুসারে এর মেয়াদ প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে পরবর্তী পাঁচ বছর এবং মেয়াদ পূরণের পূর্বের ১৮০ দিনের মধ্যে এর নির্বাচন করতে হবে।

এ হিসেবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এ চার সিটির নির্বাচন সম্পন্ন করতে হবে।

এছাড়া নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনও ১৫ জুলাই এর মধ্যে করার বাধ্যবাধকতা থাকায় এ নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছে ইসি।

আগামী অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি অপেক্ষা করছে বর্তমান নির্বাচন কমিশনের জন্য। ওেই সময়েই দশম সংসদ নির্বাচন হবে।

পুরনো খবর:

এবার ওয়েব ঠিকানা পাল্টাতে চায় ইসি