২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাউন্সিলের কাগজপত্র নিয়ে গেছে পুলিশ’

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় কাউন্সিলের জন্য তৈরি করা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার সকালে কার্যালয় ঘুরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে এসব ডকুমেন্টস তৈরি করা হয়েছিলো।

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে ১৯ মার্চে কাউন্সিল স্থগিত করেন খালেদা জিয়া।

Image
পুলিশি অভিযান বিএনপির কার্যালয়ে।

পুলিশি অভিযান বিএনপির কার্যালয়ে।

রফিকুল ইসলাম মিয়া বলেন, “আমরা একটি সংক্ষিপ্ত তালিকা করেছি। এর মধ্যে আছে- পুলিশ দলীয় কার্যালয়ের ফ্রিজ ও ফটোকপি মেসিন ভাংচুর করেছে। শীতাতপযন্ত্র ও কম্পিউটার নষ্ট করেছে। একটি কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। সেখানে মূলবান তথ্য-উপাত্ত সংরক্ষিত ছিলো।”

সোমবার রাতে বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

রফিকুল ইসলাম মিয়া জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবের চেম্বার কক্ষের দুই দরজা ভেঙ্গে ফেলা হয়েছে। তার চেম্বারের টেবিলের গ্লাস, আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। শীতাতপ যন্ত্র অকেজো করে দেয়া হয়েছে।

কোনো কিছু জব্দ করতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা করতে হয় জানিয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “আমরা জানতে পেরেছি, দলীয় কার্যালয় থেকে পুলিশ কনস্টেবল এসব মামলামাল নিয়ে গেছে কোনো জব্দ তালিকা ছাড়াই। এটি আইনের সম্পূর্ণ পরিপন্থী।”

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও সোমবার রাতে তা স্থগিত করা হয়। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।

পুরনো খবর:

বিএনপি কার্যালয়ে অভিযান বেআইনি: রফিকুল