বিএনপি কার্যালয়ে অভিযান বেআইনি: রফিকুল
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে তল্লাশি চালানো ও নেতা-কর্মীদের গ্রেপ্তারকে পুলিশের বেআইনি কর্মকাণ্ড হিসেবে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী দলীয় কার্যালয়ে আসেন। তিনি পুলিশের অনুমতি নিয়ে কার্যালয়ের প্রধান ফটক খুলে কার্যালয়ের ভেতরে যান। এ সময়ে ভেতরে ছিলেন ছিলেন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
কার্যালয়ের অবস্থা দেখতে এসেছেন জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, “কেউ যদি অ্যারেস্টেবল অফেন্স করে থাকে, তারপরও তাকে এভাবে দরজা ভেঙ্গে রাতের বেলা আটক করা ফোজদারী আইনের পরিপস্থি। সোমবার রাতে যেভাবে বিএনপির কার্যালয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, গণমাধ্যমে সংবাদ এসেছে, অনেকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। এটা সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ড।”
সোমবার হাতবোমা বিস্ফোরণে নয়া পল্টনে ১৮ দলের সমাবেশ পণ্ডের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অন্তত সাত নেতাকে আটক করে পুলিশ।
রফিক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় উচ্চতর আদালতে আগাম জামিন থাকা সত্ত্বেও তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।
স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, সারাদেশে সর্বাত্মক হরতাল হচ্ছে। দোকান-পাট বন্ধ রয়েছে। জনগন নিজেদের থেকে এই হরতাল পালন করেছে। এটা স্বতঃস্ফূর্ত হরতাল।
এদিকে রফিকুল ইসলাম মিয়া দলীয় কার্যালয়ে ঢোকার পর পরই ঢাকা বারের সদস্য দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ দুই জন আইনজীবীকে কার্যালয়ের সামনে থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় পুলিশ।
