কার্যালয়ে পুলিশি অভিযান ন্যক্কারজনক: বিএনপি
দলীয় কার্যালয়ে অভিযান এবং নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় এই ঘটনার নিন্দা জানানো হয়। প্রতিবাদ জানায় ১৮ দলীয় জোটও।
হাতবোমার বিস্ফোরণে নয়া পল্টনে সমাবেশ পণ্ডের পর সোমবার সন্ধ্যায় দুই ঘণ্টা ধরে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন শীর্ষনেতাকে।
এরপর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। পরে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান বিরোধী দলের কার্যালয়ে এই অভিযান ছিল ‘বেআইনি ও ন্যক্কারজনক’।
তিনি জানান, ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর কার্যালয়ে পুলিশের এই ধরনের অভিযান এটাই প্রথম।
কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এর আগে ১৯৭৪ সালে জাসদের কার্যালয়ে এই ধরনের অভিযান হয়, বলেন রফিকুল।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, “সরকার ফ্যাসিস্ট কায়দায় বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে জোটের সমাবেশে বোমা হামলা চালিয়ে বিএনপির কার্যালয় পুলিশ দিয়ে দখল করেছে।
“সরকারের পুলিশ বাহিনী বাড়িতে ডাকাত পড়ার মতো ঘটনা ঘটিয়ে দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে ট্রাংকে করে মূল্যবান কাগজপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক লুট করে নিয়ে গেছে।”
এইসব ফেরত দেয়ার দাবি জানান খন্দকার মোশাররফ।
রফিকুল বলেন, “একটি বৃহত্তম দলের কার্যালয়ে পুলিশ বিনা ওয়ারেন্টে প্রবেশ করে যে ন্যক্কারজনক অধ্যায়ের সূচনা করেছে, তা নজিরবিহীন।
“কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ এভাবে প্রবেশ করতে পারে না। এটা বেআইনি অনুপ্রবেশ।”
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ১০টি বোমা পাওয়ার তথ্য পুলিশ জানিয়েছে, তা নাকচ করেন রফিকুল।
তিনি বলেন, “বোমা উদ্ধারের ঘটনাটি সাজানো।”
খন্দকার মোশাররফ বলেন, “পুলিশ দলীয় কার্যালয়ে অনুপ্রবেশের পর নিজেরা সঙ্গে আনা ককটেল রেখে বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে।”
“প্রথম তারা সাংবাদিকদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। দলবাজ পুলিশ সদস্যরা এই বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে।”
