২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ দিনের হরতাল সফলের আহ্বান ১৮ দলের

বিএনপির মঙ্গলবারের দেশব্যাপী ও সমমনা ইসলামী দলের বুধবার চট্টগ্রামের হরতাল সফল করার জন্য আহবান জানিয়েছে চট্টগ্রামের ১৮ দলীয় জোটের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার বিকালে বন্দর নগরীরর নূর আহম্মদ সড়কস্থ নগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ আয়োজন করে ১৮ দল।

নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সমানে ১৮ দলের সমাবেশে পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডাকে বিএনপি।

আর ‘শাহবাগে ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের’ প্রতিহত করতেই চট্টগ্রামে বুধবার শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের দিন সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

নগর জামায়াতের আমির ও সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে বিভক্ত করে এবং সরকারি বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

দেশ এখন চরম সংকটের মুখোমুখি মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের রাজপথ দখলে রেখে আন্দোলন করার নির্দেশ দেন সাবেক বাণিজ্যমন্ত্রী।

বিএনপির মিছিলে ৯৫ শতাংশ তরুণ প্রজন্ম থাকে উল্লেখ করে তিনি বলেন, “শাহবাগের আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের শিক্ষা-দীক্ষা আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়।”

‘শাহবাগের নতুন প্রজন্ম নাম দিয়ে যারা রয়েছে তারা ছাত্রলীগের সন্ত্রাসী’ বলেও মন্তব্য করেন নগর বিএনপির সভাপতি খসরু।

জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, “চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ১৫০ জন লোক জীবন দিয়েছে প্রয়োজনে হাজার লোক জীবন দেবে। তারপরও সাঈদীর ফাঁসির রায় কার্যকর হতে দেয়া হবে না।”

সভাপতির বক্তব্যে যুদ্ধাপরাধ মামলাকে ‘তথাকথিত’ মন্তব্য করে শামসুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধ মামলাটি অনেক বছর আগে কবর হয়ে গেছে।

পিরোজপুরের দেলু রাজাকারের বিরুদ্ধে থাকা সব অভিযোগ আল্লামা সাঈদীর বিরুদ্ধে আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “সাঈদীর বিরুদ্ধে রায় আদালত দেয়নি রায় দিয়েছে ইসরান এইচ সরকার।”

চট্টগ্রামে আলেম হত্যার পরিকল্পনায় গ্রেপ্তার যুবকদের সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শামসুল ইসলাম।

কয়েকজন আলেমকে দিয়ে সরকার হত্যা পরিকল্পনার নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

অথচ গত বুধবার এক সমাবেশে নগর জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরী দাবি করেছিলেন, গ্রেপ্তার ব্যাক্তিরা শিবিরের ‘মেধাবী’ কর্মী।

 এ সময় তিনি গ্রেপ্তার এই শিবির কর্মীদের ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে চট্টগ্রামের পাঁচলাইশ ও বাকলিয়া থানার অবস্থা বাঁশখালী থানার মত করে দেয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন।

সমাবেশে ইসলামী সমমনা দলের বক্তারা ইমরান এইচ সরকারকে চট্টগ্রামে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, ১৩ মার্চের হরতালে বাধা দিলে চট্টগ্রামে লাগাতার হরতাল দেয়া হবে।

সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, শ্রমিকদল নেতা এএম নাজিম উদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরী, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, ইসলামী ঐক্যজোট সভাপতি মাঈনুদ্দীন রূহীসহ ১৮ দলীয় জোটের নেতারা।