হিন্দুদের মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব সড়কে এ মানববন্ধন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর শাখা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
এতে বক্তারা বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা একাত্তরের বর্বরতাকে হার মানিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার একটি জাতীয় ইস্যু। কিন্তু একে কেন্দ্র করে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যার মত ঘটনা ঘটেছে।
তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৪২ বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময়ে হামলার শিকার হয়। আগের ঘটনাগুলোর বিচার হয়নি বলেই ২০১৩ সালে ওইসব ঘটনার পুনরাবৃতি ঘটেছে।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে।
বিভিন্ন মন্দির, মঠ এবং এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন।
পরিষদের চট্টগ্রাম নগর সভাপতি কাজল কান্তি দত্তের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখাল দাশ গুপ্ত, জিতেন্দ্র প্রসাদ নাথ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি আবু সুফিয়ান, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত, সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, তপন কান্তি দাশ, চট্টগ্রাম ইস্কন অধ্যক্ষ লিলারাজ গৌড় দাশ ব্রহ্মচারী, মৃদুল গুহ, অশোক দাশ, কর আইনজীবী সমিতির সভাপতি নিতাই চন্দ্র দাশ, সঞ্জীবন চৌধুরী, কাউন্সিলর জহরলাল হাজারী, বিজয় কুমার চৌধুরী কৃষাণ, অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বিজয় লক্ষী দেবী, নিলু নাথ, মহানগর পুজা পরিষদের সাধারণ সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ।
