২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে আলোচনার পরিবেশ আনুন’

সরকার ‘উপযুক্ত’ পরিবেশ তৈরি করে নির্দলীয় সরকার ফিরিয়ে আনার বিষয়ে আনুষ্ঠানিক সংলাপের প্রস্তাব দিলে বিষয়টি বিবেচনা করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শুক্রবার সকালে নারী দিবসের এক শোভাযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তার দলের এই অবস্থানের কথা জানান।

তিনি  বলেন, “বিএনপি কখনোই আলোচনার বিপক্ষে নয়। সেই আলোচনার অবশ্যই সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। কথায় কথায় আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা রাজনৈতিক দল। তাই যে কোনো বিষয়ে যে কোনো স্থানে বিরোধীদলের সঙ্গে আলোচনা হতে পারে।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন ইস্যুতে গত তিন বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে সারা দেশে গণজাগরণের মধ্যে জামায়াতে ইসলামীর সহিংসতার পর ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে আবারো আলোচনার তাগিদ এসেছে।         

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও গত বছর দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি সংলাপের আহ্বান জানানো হয়।

সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে নয়া পল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রায় খন্দকার মোশাররফ বলেন, “আমরা সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, সংকট নিরসন করতে হলে প্রধানমন্ত্রীকে নির্দলীয় সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে আলোচনার প্রস্তাব দিতে হবে। তাহলে বিরোধী দল সেই প্রস্তাব বিবেচনা করবে।”

এই বিএনপি নেতা বলছেন, সংলাপ চাইলে সরকারকেই তার উদ্যোগ নিতে হবে। তবে তার আগে তৈরি করতে হবে পরিবেশ। 

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “অবিলম্বে গণহত্যা বন্ধ করুন। আলোচনার পরিবেশ তৈরি করুন। সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে আলোচনার প্রস্তাব দিন। বিরোধী দল সরকারকে এ বিষয়ে সহযোগিতা করবে।”

দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত নেতাকর্মীরা দেশজুড়ে তাণ্ডব শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৭ জন নিহত হন, যাকে বিএনপি ‘সরকারের গণহত্যা’ বলে আসছে। এর প্রতিবাদে গত মঙ্গলবার হরতালও করেছে তারা।     

খন্দকার মোশাররফ বলেন, “দেশের মানুষ উদ্বেগ  উৎকণ্ঠার মধ্যে আছে। সরকার পরিকল্পিতভাবে দেশে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে। গত কয়েকদিন ধরে পুলিশ বাহিনি নির্বিচারে গুলি করে শতাধিক সাধারণ মানুষ ও মুসল্লিকে হত্যা করেছে।”

এ রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকার দেশে জরুরি অবস্থা জারির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মোশাররফ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এভাবে জরুরি অবস্থা জারি করা হলে দেশের জনগণ তা মেনে নেবে না।”

বিএনপির ইংগিতেই জামায়াত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে- আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে মোশাররফ বলেন, “সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। আর উল্টো দোষ চাপাচ্ছে বিরোধী দলের ওপর। প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দল সর্প হয়ে দংশন করে ও ওঝা হয়ে ঝাড়ছে।”

“আমরা বলতে চাই, সরকার যখন নিজেদের ব্যর্থতা-দুর্নীতিতে চোখে-মুখে অন্ধকার দেখছে, তখন তারাই নানা নাটক সৃষ্টি করছে। এসব ষড়যন্ত্র জনগণের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে।’’

এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের চলমান আন্দোলনে নারী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের এই শোভাযাত্রা নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর মহিলা দলের কয়েকশ’ নেতা-কর্মী এতে অংশ নেন।

অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, সাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহিন এতে বক্তব্য দেন।