২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতিরা ধর্ম ব্যবসায়ী’

ধর্মকে ব্যবসা হিসেবে নিয়ে জামায়াতে ইসলামী জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মতো এখন জামায়াত আলেম হত্যার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেছে ইসলামী এই দল।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইসলামী ফ্রন্টের নেতারা।

চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার পরিকল্পনা, দেশব্যাপী জামায়াত- শিবিরের তাণ্ডব এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

লিখিত বক্তব্যে ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক এসএম আবদুল করিম তারেক বলেন, “১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যা করে যেভাবে দেশকে মেধাশূন্য করেছে, বর্তমানে আলেমদের হত্যা করে জামায়াত-শিবির দেশকে ইসলামী নেতৃত্বশূন্য করতে চায়।”

সম্প্রতি চট্টগ্রামে শিবিরের আট কর্মীকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা ১০ আলেমকে হত্যার চক্রান্ত করছিল এবং জামায়াতবিরোধী ওই আলেমদের তালিকাও তাদের কাছে পাওয়া গেছে।

তবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত এই অভিযোগ নাকচ করে বলেছে, কোনো ধরনের চক্রান্তে তারা বিশ্বাস করে না। 

Image
চাঁপাইনবাবগঞ্জে বাসে আগুন দেয় জামায়াতকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জে বাসে আগুন দেয় জামায়াতকর্মীরা।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, “যারা গাড়িতে, ট্রেনে, বিদ্যুৎ কেন্দ্র, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে, থানা ঘেরাও করে, প্রকাশ্যে দিবালোকে পুলিশ হত্যা করছে, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।”

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর তার দল জামায়াতের কর্মীরা দেশজুড়ে তাণ্ডব চালায়। এর ফলে সৃষ্ট সহিংসতায় নিহত হন ৬৭ জন। 

ইসলামিক ফ্রন্ট নেতা কাদের বলেন, “এ ধরনের কাজ যারা করছে তারা ধর্ম ব্যবসায়ী এবং ধর্মের লেবাসে ভ্রান্ত মওদুদী মতবাদের অনুসারী। তারা যুদ্ধাপরাধের বিচার রুখে দিতে চায়।”

“তারা ধর্মের নামে কত জঘন্য প্রচারণা চালাতে পারে, তার নমুনা হচ্ছে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে প্রতারণামূলক প্রচারণা,” বলা হয় লিখিত বক্তব্যে।

সংবাদ সম্মেলনে আলেম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে শুক্রবার বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল, শনিবার সকল থানা ও উপজেলায় বিক্ষোভ মিছিল এবং রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবার দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়ামান ফরিদ।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম, নগর কমিটির সভাপতি মোহাম্মদ রফিক, আল্লামা কাজী জসিম উদ্দিন, প্রমুখ।