২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না’

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে সাম্প্রতিক তাণ্ডবে হতাহতের জন্য খালেদা জিয়াকে দায়ী করে শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার কোনো চেষ্টাই সফল হবে না।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার সংসদে বক্তৃতায় বিরোধীদলীয় নেতার উদ্দেশে এই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত, যাতে বিএনপিও জড়িত ছিল বলে সরকার বলছে।

প্রধানমন্ত্রী বলেন, “এতগুলো মানুষ হত্যা, এত রক্তপাত ঘটানো, তার দায়িত্ব তাকে (খালেদা) নিতে হবে। ধ্বংসাত্মক কার্যকলাপের দায় তাকে নিতে হবে।”

জামায়াতের এই তাণ্ডবের কারণে সৃষ্ট সংঘর্ষে পাঁচ দিনে সাত পুলিশসহ ৬৭ জন নিহত হন। হামলা হয় হিন্দু সম্প্রদায়ের ওপরও, এতে নিহত হন একজন।

সংঘর্ষে এই প্রাণহানিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তার প্রতিবাদে হরতাল ডাকে বিএনপি। 

হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “দিনের পর দিন হরতাল হচ্ছে। এসব হরতাল কীসের জন্য? যদি বুঝতাম, আর্থ-সামাজিক উন্নয়ন বা বিশেষ কোনো উন্নয়নের জন্য হরতাল করা হচ্ছে, তাহলে তার যুক্তি ছিল। কিন্তু যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই হরতাল করা হচ্ছে।”

খালেদার জিয়ার উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের ‘রক্ষা’- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কিন্তু তিনি যে আকাঙ্ক্ষা করছেন, তা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার তিনি বন্ধ করতে পারবেন না।

“আমি আল্লাহর ওপর ভরসা করে চলি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি পালন করব। কেউ আমার ক্ষতি করতে পারবে না।”

“যে দায়িত্ব দিয়েছেন, আমি ব্যর্থ হইনি। এখানেও ব্যর্থ হব না। যুদ্ধাপরাধীদের বিচার হবে।”

বিএনপির নেত্রী, জামায়াতের মুষ্টিমেয় কিছু লোক ছাড়া দেশের ৯০-৯৫ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়, বলেন আওয়ামী লীগ সভাপতি।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা দাবি করেন, তিনি মুক্তিযোদ্ধার স্ত্রী, স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে কীভাবে উনি যুদ্ধাপরাধীদের সহযোগিতা করেন? শাহবাগের প্রজন্মের আন্দোলনকে গালমন্দ করেন?”

খালেদা জিয়াতে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “পাঁচ বছর ক্ষমতায় ছিলেন, চুরি করেছেন। ছেলেদের সরকারি পয়সায় লেখাপড়া না করিয়ে দুর্নীতি ও মানি লন্ডারিং শিখিয়েছেন।”

বিএনপি চেয়াপারসনের সাম্প্রতিক সিঙ্গাপুর সফর নিয়ে শেখ হাসিনা বলেন, “সিঙ্গাপুর থেকে এমন কি মেডিসিন খেয়ে আসলেন যে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে আপনার কণ্ঠ এত সোচ্চার হল, জোর বেড়ে গেল।

“শুনেছি সেখানে অর্থ লেনদেন হয়েছে। টাকা তো তিনি ভালো চেনেন। যে টাকা লেনদেন হয়েছে, এগুলো বের করা হবে। পুত্রদের টাকা তো বের হয়েছে।”

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, “উনি ভারতে গিয়ে তিন দিন অপেক্ষা করে তার (প্রণব) সঙ্গে দেখা করেছেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন।

“আমিও বিরোধী দলে ছিলাম। ভারতে গেছি, কিন্তু আমাকে কেউ লাঞ্চ খাওয়ায়নি। অথচ আমাদের ভারতের দালাল বলা হয়।”

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা দেশকে এগিয়ে নিতে চাই। বিরোধীদলীয় নেত্রী দেশকে পেছনে নিতে চান।

“আমরা ভোটের অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছি। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্যে সংসম্পূর্ণতা অর্জন, জনশক্তি রপ্তানিতে রেকর্ড হয়েছে।”

“এডিপি বৃদ্ধি পেয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছি।”

গত চার বছরে ৯০ লাখের বেশি মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন পর্যায়ে ৫ হাজার ৫৫১টি নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সরকার কোনো হস্তক্ষেপ করেনি।

“আমরা কোনো মাগুরা মার্কা নির্বাচন করিনি। নির্বাচন কীভাবে সুষ্ঠু হয় তা এই সরকার দেখিয়েছে। এসব নির্বাচনে আমাদের অনেক প্রার্থী হেরে গেছে।”

“আমরা জনগণের রায় মাথা পেতে নিয়েছি। আগামীতেও জনগণ যে রায় দিবে তা মাথা পেতে নেব।”