২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশ পণ্ড, হরতাল ডেকেছে বিএনপি

নয়া পল্টনে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার বিকালে পূর্বঘোষিত এই সমাবেশ শুরুর কিছু সময় পরই সংঘর্ষ শুরু হয়।

পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করেছে।

অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে তাদের সমাবেশ পণ্ড করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেটের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে পুলিশ দাবি করলেও বিএনপি নেতারা বলছেন, পুলিশের ছোড়া গুলিতে কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের কিছু সময় পরই দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

এদিক বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও বৃহস্পতিবার হরতাল ডেকেছে।

ফখরুলের সংবাদ সম্মেলন

সমাবেশ পণ্ডের জন্য সরকারকে দায়ী করে জরুরি সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “কাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছি।”

সারাদেশে জামায়াতি তাণ্ডবের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির প্রতিবাদে মঙ্গলবার হরতালের পর বুধবার বিক্ষোভ সমাবেশ ডাকে বিএনপি।

বুধবার বিক্ষোভ সমাবেশ পণ্ডের পর বৃহস্পতিবার আবার হরতাল ডাকা হল।  

ফখরুল বলেন, “আমাদের কাছে তথ্য আছে, সরকারের পুলিশ-র‌্যাবসহ সরকারি দলের লোকজন এই শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছে। সমাবেশে নিরীহ মানুষ ও নেতা-কর্মীর ওপর হামলা চালিয়েছে।”

Image
নয়া পল্টনে সংঘর্ষের এক পর্যায়ে রবার বুলেট ছুড়ছে পুলিশ।

নয়া পল্টনে সংঘর্ষের এক পর্যায়ে রবার বুলেট ছুড়ছে পুলিশ।

“পুলিশ-র‌্যাবের আজকের হামলায় আমরা স্তম্ভিত, বিস্মিত ও হতবাক হয়েছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের কর্মসূচির ওপর এভাবে বর্বরোচিত নির্মম হামলা হতে পারে, তার নিন্দা ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই।”

বিএনপির মুখপাত্র বলেন, “গণমাধ্যমের সাংবাদিকরা স্বচক্ষে দেখেছেন, একটি শান্তিপূর্ণ সমাবেশে নিরীহ নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ হামলা চালিয়েছে,নির্বিচারে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।”

“আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছিলাম। সমাবেশের শেষ মুহূর্তে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব ও ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা এই হামলার ঘটনা ঘটিয়েছে।”

পুলিশ দাবি করেছে, বিএনপির এই সমাবেশ ভণ্ডুল করতে জামায়াতকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

ফখরুল জানান, হামলায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ দেড় সহস্রাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “এই ফ্যাসিবাদী সরকারকে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরাতে হবে। এজন্য তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে ফখরুলে সঙ্গে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, এম এ মান্নান, রুহুল কবির রিজভী প্রমুখ।

সংঘর্ষ-গুলি-বোমা বিস্ফোরণ

নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় শুরু হওয়া বিএনপির এই সমাবেশ এক ঘণ্টা চলার পর পণ্ড হয়ে যায়।

একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়। মঞ্চে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আমান উল্লাহ আমানসহ নেতারা।

বিকাল সাড়ে ৪টার দিকে দলের সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যে কাকরাইলের দিকে নাইটিঙ্গেল মোড়ের সামনে সংঘর্ষ শুরু হতে দেখা যায়।

এর পরই পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়তে শুরু করে। এতে সমাবেশে নেতা-কর্মীরা এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। 

মাইক থেকে নেতারা কর্মীদের শান্ত হওয়ার আহবান জানান। এর মধ্যে একদল কর্মী মঞ্চ ঘিরে ব্যানারের লাঠি হাতে নিয়ে স্লোগান শুরু করে।

Image
নয়া পল্টনে সংঘর্ষের সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

নয়া পল্টনে সংঘর্ষের সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এর পরপরই পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসতে শুরু করে। একই সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।

তখন পুরো এলাকা মানুষশূন্য হয়ে পড়ে। নেতারা সবাই দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “নাইটিঙ্গেল মোড়ের দিকে গ্যানজামের খবর পাই। আমাদের ধারণা, সরকারি দলের লোক পূর্ পরিকল্পিতভাবে হামলা চালাতে আসছিল। এরপরই পুলিশ গুলি চালাতে চালাতে এদিকে আসে।”

সোয়া ৫টার দিকে নজরুল ইসলাম খানসহ কয়েকজন দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন। এদের কয়েকজনের দেহে ছররা গুলির চিহ্ন দেখা গেছে।

তিন-চারটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

এই সময়ে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে ফেলে। ওই এলাকায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়।

দায়ী জামায়াত: পুলিশ

সমাবেশ পণ্ড হওয়ার কিছুক্ষণ পরই ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে যান।

তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল, বিএনপির আজকের বিক্ষোভ-সমাবেশে জামায়াত-শিবির নাশকতা করতে পারে।”

এই বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, “তারা (বিএনপি নেতা) আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটবে না।”

“কিন্তু বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগে আগে স্কাউট মার্কেটের সামনে জামায়াতের ব্যানারধারী ২০/২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে। প্রায় একই সময় কালভার্ট রোড ও শান্তিনগর মোড়ে জামায়াত-শিবির কর্মীরা দলীয় ব্যানার নিয়ে পুলিশের ওপর হামলা করে।”

বিএনপির এই সমাবেশের দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ডাক দিয়েছিল। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে এই সমাবেশ ডাকে দলটি।

Image
নয়া পল্টনে সংঘর্ষের সময় একটি গাড়িতে আগুন দেয়া হয়।

নয়া পল্টনে সংঘর্ষের সময় একটি গাড়িতে আগুন দেয়া হয়।

মেহেদী হাসান বলেন, সংঘর্ষের শুরুর দিকে পলওয়েল মার্কেটের কাছে একটি প্রাইভেটকার পোড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাসের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান তিনি।

সাংবাদিক আহত

নয়া পল্টনে সংঘর্ষে চার আলোকচিত্র সাংবাদিক আহত হয়েছেন।

তারা হলেন- ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের নাইম আহমেদ জুলহাস, নিউ এইজের আলী হোসেন মিন্টু, নয়া দিগন্তের নূর হোসেন বিপুল ও ইত্তেফাকের সাইফুল ইসলাম।

তাদের সঙ্গে ছাত্রদলের তিন কর্মীও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

তারা হলেন- মোরশেদ হোসেন মিঠু, মো. জুয়েল ও জিয়াউল হক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হরিদাস সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারো আঘাতই গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুরনো খবর:

হরতাল করবে ১৮ দল
হরতাল জামায়াতেরও