হরতাল জামায়াতেরও
বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে বিকেলে নয়া পল্টনে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, ১৪ দলীয় জোট সরকারের দেশব্যাপী গণহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গণআন্দোলন গড়ে তোলার জন্য ৭ মার্চ দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল দেয়া হয়েছে।
জামায়াতের পূর্ব ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়ে বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারেরও নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে।
যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের ৩ ও ৪ মার্চ টানা ৪৮ ঘন্টা হরতালের পর ৫ মার্চ হরতাল পালন করে বিএনপি।
এর আগে সাঈদীর রায়ের দিন ২৮ ফেব্রুয়ারিও হরতাল পালন করে জামায়াতে ইসলামী।
