২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতবিরোধী জোট করার আহ্বান এরশাদের

জামায়াতবিরোধী সব ইসলামী দলের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 11:52 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

বুধবার গুলশানের একটি রেস্তোরায় জাতীয় ওলামা পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এরশাদ বলেন, ইসলামের বিরুদ্ধে কোনো ধরণের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ইসলামকে হেয় করে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। এজন্য জামায়াতবিরোধী সব ইসলামী দলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।

দেশে এখন চরম অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, কিছু ধর্মবিরোধী মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাসুল (সা.) কোরআন এবং ইসলামকে অবমাননা করে কথা বলছে।

এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন এলাকায় দুই শতাধিক আলেম-ওলামাদের জাতীয় ওলামা পার্টিতে যোগদান উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উলামা পার্টিতে যোগদানকারী নেতাকর্মীদের অভিনন্দন জানান এরশাদ।

তিনি বলেন, আমি সবসময় নতুন প্রজন্মের তারুণ্যের উচ্ছ্বাসকে সমর্থন করি। কিন্তু সম্প্রতি তারা শাহবাগ চত্ত্বর থেকে কিছু কিছু নির্দেশ ও কর্মসূচি ঘোষণা করছেন। তাদের এই সমস্ত কার্যক্রম দেখে মনে হয় দেশের মুক্তিযুদ্ধের প্রাককালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন গণবিপ্লব শুরু হয়ে গিয়েছিল তখন বঙ্গবন্ধু বিকল্প সরকারের পক্ষ থেকে এই ধরণের বহু নির্দেশ ও কর্মসূচি দিয়েছিলেন।

“আজ শাহবাগ চত্ত্বরের নেতৃত্বকে ভেবে দেখতে হবে তারা কি সেই পর্যায়ে পৌছেছেন? দেশে কি গণবিপ্লব শুরু হয়েছে? তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং তারা কি বিকল্প সরকার গঠন করেছেন।”

রাজনৈতিক সংলাপের মাধ্যমে হানাহানি, সহিংসতা ও রক্তপাত বন্ধ করতে হবে উল্লেখ করে এরশাদ বলেন, আমাদের ভুললে চলবে না আমরা একই দেশের নাগরিক। কিছু প্রশ্ন এমনকি মৌলিক প্রশ্নেও আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তি বা দলের চাইতে দেশ অনেক বড়।

যে পরিস্থিতি সৃর্ষ্টি হয়েছে তাতে শক্তি প্রয়োগের মাধ্যমে এর সমাধান হবে না বলেও মনে করেন জাপা চেয়ারম্যান।

জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক মো. হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, এম এ হান্নান, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।