২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আচরণ খুবই দুর্ভাগ্যজনক: দীপু মনি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের নির্ধারিত বৈঠক বাতিল করাকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ এবং বাঙালি ঐতিহ্য ও গণতান্ত্রিক ধারা ‘বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার রাজধানীর রূপসীবাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংবাদ সম্মেলনে দীপু মনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।   

তিনি বলেন, “তিনিই (খালেদা জিয়া) দেখা করতে চেয়েছিলেন এবং তার আকাঙ্খা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছিল। তিনি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এটাই প্রত্যাশিত ছিল। এই বৈঠক বাতিল তার দল এবং তার জন্যই দুর্ভাগ্যজনক।”

এ অঞ্চলের একজন সম্মানিত নেতার সঙ্গে বিরোধী দলের নেতার এ আচরণে বাংলাদেশের দুটি প্রধান দলের মধ্যে মূল পার্থক্য প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। 

সোমবার বিকালে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সূচি থাকলেও দুপুরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, হরতালের কারণে নিরাপত্তার শঙ্কা থেকে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সোনারগাঁও হোটেলে খালেদা জিয়ার যাওয়া সম্ভব নয়।

ওই দিন বিএনপির জোটসঙ্গী জামায়াতের হরতাল ছিল।

এক প্রশ্নের জবাবে দীপু মনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফরকে ‘সার্থক ও ফলপ্রসু’ হিসেবে উল্লেখ করেন।

Image
বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে গার্ড অফ অনার দেয়া হয়।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে গার্ড অফ অনার দেয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ দেশের বাইরে প্রথম সফরে গত রোববার বাংলাদেশে আসেন প্রণব। তিন দিনের সফর শেষে মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এর আগে সোমবার প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বাতিলের সিদ্ধান্ত শোভন হয়নি বলে মন্তব্য করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

দীপু মনি জানান, কোনো বিদেশি শীর্ষ নেতা যখন বাংলাদেশ সফরে আসেন, তখন ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি কার্যসূচিতে থাকে।

“একজন বাঙালি হিসেবে অতিথিপরায়ণ ও কল্যাণময় হিসেবে আমরা সব সময়ই গর্ব করে থাকি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে।”

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ বাতিলের ঘটনায় বাংলাদেশের গণতন্ত্র ও প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, “এতে প্রমাণিত হয়েছে সব দলে সমানভাবে গণতন্ত্রের চর্চা হয় না এবং সব দল সমানভাবে গণতন্ত্রের চর্চাও করে না।”

“মাঝে মাঝে মানুষ বাংলাদেশের দলগুলোকে বিশেষ করে প্রধান দুই দলকে এক কাতারে ফেলে দেয়। তবে এই ঘটনার মাধ্যমে দুই দলের পার্থক্যটা সবার কাছেই এখন পরিষ্কার।”

“আর এ কারণেই আপনারা (সাংবাদিকরা) এ ঘটনাকে গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছেন।”

এ ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো ধরনের ফাটল সৃষ্টি করবে না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কারণ আমাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় ও গভীর যে এ ঘটনা সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারবে না।”

তিন দিনের সফরে এসে রোববার প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার সঙ্গে বৈঠক করেন। একইদিন বঙ্গভবনে যাওয়ার আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দেন তিনি, অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি দেয়া হয়।

সফরের শেষ দিন মঙ্গলবার শ্বশুরবাড়ি নড়াইল গেছেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা ছাড়ার আগে শিলাইদহে কবিগুরুর কুঠিবাড়ি, টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসেও যাচ্ছেন তিনি।