২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উদ্দেশ্য গণতন্ত্র নস্যাৎ’

দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের উদ্দেশ্য গণতন্ত্রকে নস্যাৎ করা বলে দাবি করেছেন মহাজোট সংসদ সদস্যরা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এই ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবে অর্ধ শতাধিকের প্রাণহানির প্রেক্ষাপটে রোববার মহাজোট সংসদ সদস্যরা সমস্বরে কথা বলেন।

জামায়াতের পক্ষ নেয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনাও করেছেন তারা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আলোচনার সূত্রপাত করে বলেন, “সাঈদীর রায়ে আপিলের সুযোগ থাকার পরও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে তাণ্ডব চালায়। “যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত করতেই এই আক্রমণ চালানো হয়। একাত্তরে একই ঘটনা দেখেছিলাম আমরা।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করতেই বিরোধীদলীয় নেতা সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্যে তিনি উস্কানি দিচ্ছেন।

“বিএনপি-জামায়াত দুই দলই গৃহযুদ্ধের কথা বলছে; আমরা যেন আক্রমণ করি। আমাদের উস্কানি দেয়া হচ্ছে, কিন্তু আমরা আক্রমণ করব না।”

দেশে ‘গণহত্যা’ চলছে বলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমালোচনা করে মেনন বলেন, এই কথা বলে তিনি একাত্তরের গণহত্যাকারীদের আড়ালের চেষ্টা করছেন।

শহীদ মিনার ভাঙা, জাতীয় পতাকা পোড়ানোর বিষয়ে কোনো বক্তব্য না থাকায় বিরোধীদলীয় নেতার সমালোচনা করেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “উনি গণহত্যার সংজ্ঞা জানেন না, কারণ তিনি তা দেখেননি।”

শেখ সেলিম বলেন, “খালেদা জিয়া সংবাদ সম্মেলনে আইএসআই’র প্রেস রিলিজ পড়েছেন। তিনি গণহত্যার সংজ্ঞা জানেন না।”

আওয়ামী লীগের আব্দুল মান্নান রোববার বগুড়ায় তার বাড়িতে হামলার বিষয়টি তুলে ধরেন।

তোফায়েল বলেন, “ইচ্ছা করলে আওয়ামী লীগ প্রতিশোধ নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসায় বিশ্বাস করে না।”

জামায়াত-শিবিরের চলমান তাণ্ডব রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

“মুক্তিযুদ্ধের সব শক্তিকে এই যুদ্ধে জয়ী হতে হবে। তাদেরকে রাস্তায় নেমে আসতে হবে,” বলেনে মেনন।

Image
ভাংচুরের শিকার বগুড়ার শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়।

ভাংচুরের শিকার বগুড়ার শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংখ্যালঘুদের ওপর হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “প্রশাসনের পক্ষ থেকে যে সাহায্য দেয়ার কথা ছিল, তা কেন নেই? সারাদেশে তারা আতঙ্কে।”

জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “অসাম্প্রদায়িক সরকার এখন ক্ষমতায়। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের রাজনীতি করার কোনো সাংবিধানিক অধিকার নেই। নির্বাহী আদেশেই তাদের নিষিদ্ধ করা যেতে পারে। এজন্যে কোর্টের অপেক্ষার দরকার নেই।”

জামায়াত-শিবিরের বিরুদ্ধে দেশে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে উঠেছে জানিয়ে মেনন বলেন, “জামায়াতকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এথনই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।”

“আশা করি, সংসদে এ নিয়ে সুষ্পস্ট আলোচনা হবে এবং সরকার এ বিষয়ে অবস্থান জানাবে,” বলেন তিনি।

‘চাঁদে সাঈদীর ছবি’র অপপ্রচার

‘চাঁদের বুকে সাঈদীর ছবি দেখা যাচ্ছে’- এই অপপ্রচার করে জামায়াত-শিবির সাধারণ মানুষ বিভ্রান্ত করছে বলে মহাজোট সংসদ সদস্যরা বলেন।

মেনন বলেন, “তারা অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। নারীদের এগিয়ে দিয়ে, শিশুদের নিয়ে তারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে।”

বগুড়ার সংসদ সদস্য মান্নান বলেন, “ফজরের নামাজের পর চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে- এমন প্রচারণা করে সবাইকে নিয়ে থানায় আক্রমণ করছে জামায়াত-শিবির।”

বগুড়ায় বুধবার জামায়াত-শিবিরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নয়জন নিহত হয়।

মেনন বলেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। ছাত্রী সংস্থা পরিচালিত বাশের কেল্লা ব্লগে ঢাকাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা, মন্ত্রী-এমপিদের ওপর হামলাসহ নানা ধরনের পরিকল্পনার কথা জানানো হচ্ছে।