২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের ৫ মামলায় প্রধান আসামি ফখরুল

রাজধানীর শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পাঁচটি মামলা করেছে পুলিশ, যাতে প্রধান আসামি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

শনিবার বিকেলে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর রমনা মডেল থানায় মামলা দুটি, পল্টন থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

পাঁচটি মামলাতে আসামির তালিকায় আরো রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু , ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলালসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকে আসামি করা হয়েছে।

রাজধানীর মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় বিএনপির মিছিল থেকে ব্যাপক হামলা, ভাংচুর চালানো হয় বলে পুলিশ জানায়। পুলিশের সঙ্গে সংর্ঘষের পর হোসাফ টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় মিছিলকারীরা।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি শাহ আলম জানান, প্রথম মামলাটিতে গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৮ জনের নাম উল্লেখ করে এক হাজার থেকে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলাটি হয়েছে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে। এতে ৩৭ জনের নাম উল্লেখ করে এক হাজার থেকে ১২০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

এ মামলায় মামলাটিতে ১০ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা বিএনপির সমর্থক হলেও দলটির গুরুত্বপূর্ণ কোনো পদে নেই বলে তিনি জানান।

পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পল্টন থানায় দু’টি মামলার একটি দ্রুত বিচার আইনে এবং অপরটি বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে। মামলা দু’টিতে ২৬ জনকে আসামি করা হয়েছে।

ভাংচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগে দ্রুত বিচার আইনে শাহজাহানপুর থানায় ২৩ জনকে আসামী করে অপর মামলাটি হয়।

পুরনো খবর:

মালিবাগে বিএনপির হামলা, ভাংচুর
পুলিশই বিএনপির মিছিলে হামলা করেছে: বিএনপি