২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে বিএনপির হামলা, ভাংচুর

রাজধানীর মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় বিএনপির মিছিল থেকে ব্যাপক হামলা, ভাংচুর চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

মতিঝিল অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকেল ৪টার দিকে বিএনপির মিছিল থেকে এই তাণ্ডব চালানো হয়। এ সময় তারা নির্বিচারে গাড়ি ভাংচুর করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।”
 

ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
 

মালিবাগে দায়িত্বরত পল্টন থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, মিছিলকারীরা হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি মালিবাগ মোড়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় বাধা দিলে তারা হোসাফ টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

শান্তিবাগ মোড় থেকে মালিবাগ মোড় হয়ে মৌচাক মার্কেট পর্যন্ত এই ভাংচুর চালানো হয় বলে দাবি করেন তিনি।

মৌচাক এলাকায় বিএনপির হামলার শিকার একটি গাড়ির চালক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু বুঝে ওঠার আগেই বিএনপির মিছিল থেকে হাতবোমা ফাটিয়ে ভাংচুর শুরু হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এদিকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিক আবদুস সালাম দাবি করেছেন পুলিশের কাঁদানে গ্যাসে শ্বাস বন্ধ হয়ে খিলগাঁও থানার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুদুল লতিফ (৪৫) মারা গেছেন।

অবশ্য পুলিশ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।

সালাম জানান, লতিফ ওই সময় মিছিলে ছিল। কাঁদানে গ্যাসে অচেতন হয়েছে পড়লে লতিফকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।