চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল
সারা দেশে সহিংসতা ও মানুষ হত্যার প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগর বিএনপি।
শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নিউমার্কেট মোড় হয়ে স্টেশন রোড এলাকায় শেষ হয়।
মিছিলের শুরুতে নগর বিএনপি সভাপতি ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির হরতালে দলীয় কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়ে বলেন, হরতালে রাস্তা ঘাটে কোন কিছু চলবে না, দোকান পাট খুলবে না এবং রাজপথ দখলে নিতে হবে।
হরতালের আগের দিন বন্দরনগরীর ৪১ টি ওয়ার্ডে মিছিল মিটিং করারও নির্দেশ দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু।
ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের প্রেস ক্লাবের তরুণ প্রজন্মের আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, “এ আন্দোলনকারীদের সাথে আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আর বিএনপির সাথে আছে দেশের ১৬ কোটি মানুষ।
আমীর খসরু বলেন, “যারা শাহবাগে আছেন তাদের সেখানেই থাকতে হবে। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে পাহাড়া নিয়ে সেখানেই থাকতে হবে। আর রাজপথে থাকবে বিএনপি।
সমাবেশ ও মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী প্রমুখ।
