‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা সরকারের ষড়যন্ত্রে’
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই ষড়যন্ত্র করছে।
শনিবার বিকালে বিএনপির প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফখরুল বলেন, “সরকার আমাদের দেশের মুসলমান-হিন্দুসহ বিভিন্ন ধর্মের মধ্যকার হাজার বছরের ভ্রাতৃত্ব বন্ধন বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। গণতন্ত্র রক্ষার আন্দোলনকে বন্ধ করতে নানা মিথ্যাচারে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে জনগণকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর দেশজুড়ে তা-ব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবারের ওই সহিংসতায় পর থেকে এ পর্যন্ত সারাদেশে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশ রয়েছেন চারজন, দুইজন সরকার সমর্থক সংগঠনের কর্মী।
দক্ষিণ চট্টগ্রাম, নোয়াখালী, বাগেরহাট, বরিশালে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে হামলা। এসব হামলায় চট্টগ্রামে একজন মারা গেছেন। গাজীপুরে মন্দিরে হামলা করে ভাংচুর করা হয় প্রতিমা।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল সাড়ে ৩টার দিকে মহানগর বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
গত কয়েকদিন সারাদেশে সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে এই প্রতিবাদ মিছিল কর্মসূচি দেয় বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই রক্তপিপাসু সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এখন তারা উল্টো গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে। আমরা বলে দিতে চাই- এভাবে গুলি করে আন্দোলন দমানো যাবে না।”
ফকিরেরপুল থেকে কাকরাইলের নাইটেঙ্গল পর্যন্ত সড়কে মিছিলে কালো পতাকা হাতে হতাহতের ঘটনার প্র্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ মিছিলের আগে সমাবেশে অন্যদের মধ্যে আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সাদেক হোসেন খোকা প্রমুখ বক্তব্য দেন।
ফখরুল অভিযোগ করে বলেন, “সরকার পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি ষড়যন্ত্র করছে। আমাদের দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। সরকারের ষড়যন্ত্র এর মধ্যে এই সম্প্রীতিকে অটুট রাখতে হবে।”
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ অভিহিত করে শনিবার প্রতিবাদ মিছিল ও মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে।
