কেন্দুয়া জামায়াতের আমির গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামছুদ্দিন আহম্মেদ গ্রেপ্তার হয়েছেন।
শনিবার ভোরে পূর্বধলা উপজেলা সদরের রওশন আরা রোডে আজিজুর রহমানের বাসা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পূর্বধলা থানার ওসি মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভোর সাড়ে ৫টার দিকে শামছুদ্দিনকে তার মেয়ের বাড়ি থেকে আটক করা হয়।
এই জামায়াত নেতার বাড়ি কেন্দুয়ার গড়াডোবা গ্রামে। তিনি আত্মগোপন করে ছিলেন বলে জানান মোশারফ।
শামছুদ্দিনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের দুটি মামলা রয়েছে।
এছাড়া গত দুই দিনে জামায়াত-শিবিরের নাশকতার পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত বলে পুলিশের দাবি।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোশারফ।
