হরতালে প্রাণহানির প্রতিবাদে বিএনপির কর্মসূচি
ইসলামী ও সমমনা দলগুলোর হরতালে সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় ও ২৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা ও মহানগরের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
এই কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, “উলামা-মাশায়েখসহ ১২ দলের ডাকা হরতাল চলাকালে মানিকগঞ্জে পুলিশ-র্যাবসহ ক্ষমতাসীন দল ও যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের গুলিতে ৬জন নিহত হয়েছেন। এর মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিনও রয়েছেন। এছাড়া আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।"
অবিলম্বে আহতদের সুচিকিৎসা ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন রিজভী।
ইসলামী সমমনা ১২ দলের ডাকে রোববার হরতালের সময়মানিকগঞ্জের সিঙ্গাইরে হরতালকারীদের সঙ্গে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহত হয়।
আহতদের স্বজনদের দাবি, পুলিশের পাশাপাশি ছাত্র ও যুবলীগকর্মীরা গুলি চালিয়েছে। গুলি ছোড়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি।
হত্যার প্রতিবাদে সোমবার মানিকগঞ্জে হরতাল ডেকেছে খেলাফত মজলিস। এছাড়া সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে। একই সঙ্গে পুলিশি হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে ইসলামী ১২ দলের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিও বিএনপির সমর্থনের কথা জানান তিনি।
শাহবাগবিরোধী ইসলামী দলগুলোর রোববারের হরতালেও সমর্থন দিয়েছিল বিএনপিও।
নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ বিফ্রিংয়ে রিজভী অভিযোগ করে করেন, "গত কয়েকদিনে পুলিশ-র্যাব নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে দেশের মানুষকে ভয় পাইয়ে দেয়ার জন্য সরকার এরকম আতঙ্কজনক পরিস্থিতি জিইয়ে রাখতে চায়। তারা বিরোধী মত ও সমালোচনাকে নির্যাতন করে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"
"আমরা বলতে চাই, হত্যা-গুম-গুলিবর্ষণ ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দাবিয়ে রেখে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন সফল হবে না। নিপীড়ন-নির্যাতনের যে বৃত্ত তারা তৈরি করেছে, একদিন জনগন তা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দেবে।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, মাহবুবুল আলম নান্নু, বেলাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
