২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীরা স্বাধীনতাবিরোধী: মহিউদ্দিন

নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধীরা একাত্তরের মতো এখনো ইসলাম ধর্মকে ব্যবহার করে হামলা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে ইসলামী দল ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরোধিতা করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় তাদের দোসররা পবিত্র ইসলামের নামে হত্যা, লুণ্ঠন ও নৈরাজ্য সৃষ্টি করছে এবং জাতীয় পাতাকা ও শহীদ মিনারকে অবমাননা করেছে।

ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে বিশ্বাসী এবং এই শান্তি যারা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাবেক সিটি মেয়র।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, জাসদ মহানগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, আওয়ামী লীগনেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক, যুবলীগনেতা আমীর হোসেন গাজী, চন্দন ধর প্রমুখ।

সমাবেশ শেষে হরতালবিরোধী একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।