২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহবাগের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং ‘যুদ্ধাপরাধী’ দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের চলমান আন্দোলনকে ‘দলীয় আন্দোলন’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিরপেক্ষ আন্দোলন নয়। এটি একটি দলীয় আন্দোলন। দেশের দুর্নীতি, অপশাসন এবং নির্দলীয় সরকারের দাবিকে ধামাচাপা দিতেই সরকার এই আন্দোলন সৃষ্টি করেছে।”

শাহবাগের বিক্ষোভ থেকে কয়েকটি জামায়াতে ইসলামীপন্থী সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্লোগান দেয়ার সমালোচনা করে তিনি বলেন, “শাহবাগের আন্দোলনের মঞ্চ থেকে কিছু সংবাদপত্র ও গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আন্দোলনকারীদের দাবি ও স্লোগান থেকে প্রমাণ হয়, এটি দলীয় আন্দোলন ছাড়া অন্য কিছু নয়।”

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ।

এর একাদশ দিনে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে খুন হন স্থপতি রাজীব। এই ব্লগার অনলাইনে লেখালেখির মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে সক্রিয় ছিলেন।

রাজীব খুন হওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারণা চালানো হয়, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন। শুক্রবারও আমার দেশের প্রধান প্রতিবেদনের শিরোনামে লেখা হয়- ‘ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র’।

এর আগেও শাহবাগ আন্দোলন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশ করা হয় এ পত্রিকায়, যা বানোয়াট বলে দাবি করে আসছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

কিন্তু ব্লগে ইসলাম অবমাননার অভিযোগ তুলে জাগরণমঞ্চবিরোধী স্লোগান দিয়ে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে তাণ্ডব চালায় কয়েকটি ইসলামী দলের কর্মীরা, যাতে জামায়াতে ইসলামীর ইন্ধান ছিল বলে মনে করছে পুলিশ।

শুক্রবারের ঘটনার পর কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগে রোববার হরতাল ডেকেছে ইসলামী দলগুলো, যাতে বিএনপিও সমর্থন দিয়েছে।

এ প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর বিরুদ্ধে কটুক্তি ও ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে শুক্রবার মুসল্লীদের ওপর সরকারের পুলিশ বাহিনীর হামলা করেছে।”

শাহবাগ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, “প্রথমে বলা হয়েছিল- এটি ব্লগারদের পরিচালিত আন্দোলন। তারা কোনো দলীয় ব্যক্তি নন। পরে এটা পরিষ্কার হয়ে গেছে, ওই আন্দোলন দলীয় প্লাটফর্মের অধীনে চলছে। আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন। তিনি এক সময় ছাত্রলীগেরও নেতা ছিলেন। এখন সেই ব্যক্তি টিভির পর্দায় বলছেন, তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি।”

সরকারকে হুঁশিয়ার করে মোশাররফ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা (সরকার) যত ছলচাতুরি করুক না কেন, শাহবাগের ‘শাক’ দিয়ে নির্দলীয় সরকারের দাবি ‘চাপা’ রাখা যাবে না। সরকার এই দাবি না মানলে গণঅভ্যুত্থানেই তাদের পতন ঘটানো হবে।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘একুশ মানে মাথা উচু করে বাঁচার প্রেরণা’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, “সরকার পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যকর ও সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সংবিধান থেকে নির্দলীয় সরকারের ব্যবস্থা তুলে নিয়ে তারা এই নৈরাজ্যের বীজ বপণ করেছে।

“একদিকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা সন্নিবেশ করেছে। অন্যদিকে রাষ্ট্রধর্ম ইসলামকেও রেখে দিয়েছে। আবার আল্লাহর ওপর আস্থা তুলে নিয়েছে। এভাবেই তারা জাতিকে বিভক্ত করে ফেলেছে।’’

সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।