‘যুদ্ধাপরাধীদের রক্ষাকারীরাও সমান অপরাধী’
যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টাকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা এই কাজ করছেন তারাও সমান অপরাধী হবেন।
যুদ্ধাপরাধের চলমান বিচার শেষ করতে দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বুধবার আওয়ামী লীগ আয়োজিত সভায় শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে চাইলে তারাও সমান অপরাধে অপরাধী হবেন।
“আজ দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে তা শেষের পথে। এ বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করব।”
প্রধানমন্ত্রী বলেন, “যারা পাকিস্তানি, তারা এদেশের ওপর শাসন-শোষণ করার জন্য হামলা চালাবে, এটা মেনে নেয়া যায়। কিন্তু যারা এদেশের মানুষ, এ মাটির সন্তান, তারা কীভাবে আমাদের মা-বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিতে পারে।”
যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় শুরুর কথা জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে তাদের ছেড়ে দেন।
“সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়। যাদের নাগরিকত্ব বাতিল ছিল, তাদের নাগরিকত্ব দেয়। জিয়াউর রহমান এসব যুদ্ধাপরাধীদের মন্ত্রী পর্যন্ত করে।”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার চান না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এই বিচার তার পছন্দ নয়। তার স্বামীও একইভাবে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছিল।
“ঠিক সেভাবে খালেদা জিয়া ক্ষমতায় আসীন হয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের গাড়িতে ৩০ লাখ শহীদের রক্তে ভেজা জাতীয় পতাকা তুলে দিয়ে জাতিকে অপমানিত করেছে। কী দুর্ভাগ্য এই দেশের মানুষের।”
ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর নির্দেশেই গঠিত হয়। এ দাবির সপক্ষে জনমত গড়ে তুলতে গিয়ে বঙ্গবন্ধু ফরিদপুরে গ্রেপ্তার হন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৯৫৬ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। আর ১৯৯৬ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় ভূষিত করে।
“দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় বক্তব্য রাখেন। আমিও যতবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছি তা বাংলায়ই দিয়েছি,” বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, নূহ-উল আলম লেনিন, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহাবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদও সভায় বক্তব্য রাখেন। সভায় কবিতা আবৃত্তি করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর ও আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ।
