সরকার ভেল্কিবাজি শুরু করেছে: ফখরুল
ব্যর্থতা ঢাকতে সরকার ‘ভেল্কিবাজি’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, “সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে ভেল্কিবাজি শুরু করেছে। তাদের যাদুকরী খেলা জনগণের কাছে আজ ধরা পড়ে গেছে। এখন যত ছলচাতুরি করা হউক না কেনো এটা প্রমাণ হয়ে গেছে।”
একতরফা নির্বাচন করে ক্ষমতাসীনরা আবারো ক্ষমতায় আসার ‘ষড়যন্ত্র’ করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।”
বিএনপির উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় সভায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
রাতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতা ও দলের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া সকালে বলাকা সিনেমা হলের কাছে সমবেত হয়ে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন।
ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিএনপির আন্দোলন দমাতে সরকার নানা ‘ষড়যন্ত্র’ করছে।
তিনি বলেন, “যে কোনো ইস্যুতে বিএনপিকে দোষারোপ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের এই ছলচাতুরিতে কোনো লাভ হবে না। জনগণ তাদের চিনে গেছে।”
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা পরিষ্কার দেখতে পারছি, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে সংযোজন করে সরকার আগামী নির্বাচনকে অনিশ্চিত করে ফেলেছে। এভাবেই রাজনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে।”
মওদুদ আহমদ বলেন, “ক্ষমতাসীনরা দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এই পথে গেলে অতীতের স্বৈরাচারের চাইতেও তাদের (সরকার) করুণ পরিণতি হবে।”
আওয়ামী লীগ একুশের চেতনায় বিশ্বাস করে না- মন্তব্য করেন তিনি বলেন, “অতীতে তারা গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলো। এখনো তারা সেই কাজটি করে যাচ্ছে।”
সাংবাদিক শফিক রেহমান বলেন, “বর্তমানে মামলাবাজ, দুর্নীতিবাজ, চাপাবাজ একজন মহিলা দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। তিনি সবাইকে রাজাকার বলে গালি দেন। কিন্তু একাত্তর সালে তিনি কোথায় ছিলেন, তা তিনি বলেন না।”
“তার উত্তর আমি নিজেই বলছি- একাত্তর সালে তিনি (শেখ হাসিনা) ছিলেন শয্যায়। কারণ ওই সময়ে তিনি তার গুণধর পুত্রকে জন্ম দিয়েছিলেন।”
শাহবাগের আন্দোলন জনগণকে দুইভাবে বিভক্ত করছে মন্তব্য করে তিনি বলেন, “একজনের ফাঁসি চাই- এটা কোনো আন্দোলনের মূলমন্ত্র হতে পারে না। নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, তার মুক্তির জন্য আন্দোলন হয়েছে। আমি মনে করি শাহবাগের আন্দোলনে জনগণকে দুইভাগে বিভক্ত করা হচ্ছে।”
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। পক্ষকাল পেরিয়ে বুধবার তা চলছে ষোড়শ দিনের মতো।
ভাষা আন্দোলনে শেখ মুজিব ও আওয়ামী লীগের কোনো অবদান ছিলো না বলেও মন্তব্য করেন শফিক রেহমান।
মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।
