‘জামায়াতকে নিষিদ্ধ করা এখন ঘোষণার অপেক্ষা’
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
মঙ্গলবার বিকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এক সমাবেশে একই মঞ্চ থেকে জোটের নেতারা এই দাবি জানান।
শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধের যে দাবি উঠেছে, তাতে দেশের অধিকাংশ রাজনৈতিক দলই সাড়া দিয়েছে।
সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কার্যক্রম চালানোর কোনো অধিকার নেই।
১৪ দলের সমাবেশে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ন্যাপ, কমিউনিস্ট কেন্দ্রসহ সব দলের নেতারা জামায়াত নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, মাহাবুব-উল আলম হানিফ, কামরুল ইসলাম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এনামুল হক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলামও বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাজেদা চৌধুরী বলেন, “বাংলাদেশকে বাঙালিদের বাংলাদেশ বানাতে হবে। রাজাকারদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে। এদেশে কোনো রাজাকার থাকবে না, এটা ১৪ দলের শপথ।”
“রাজাকাররা রাজনীতি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে; এ ধারা আর সহ্য করা হবে না।”
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারীদেরও সতর্ক করে দেন সংসদ উপনেতা সাজেদা।
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের জন্য জামায়াতকে দায়ী করে এই দলটিকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তা নিষিদ্ধের দাবি জানান আমু।
দুটি খোলা ট্রাকে তৈরি করা মঞ্চে বক্তব্য দেন ১৪ দলের নেতারা। সমাবেশ উপস্থিত হাজারো নেতাকর্মীর মাথায় বাঁধা ছিল ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ লেখা কাপড়।
নেতাদের বক্তব্যে জামায়াত নিষিদ্ধের দাবি উঠলে সঙ্গে সঙ্গে স্লোগানের মাধ্যমে তা সমর্থন করেন কর্মী-সমর্থকরা।
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী জামায়াতের রাজনীতি করার অধিকার নেই।
জামায়াতের সঙ্গে বিএনপির জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “জামায়াতের বিচার হইব, কিন্তু মুসিবতে আছেন উনি। আর বোধ হয় মোল্লা গো রক্ষা করা গেল না, গেল না...।”
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি উঠেছে জোরেশোরে।
তথ্যমন্ত্রী ইনু বলেন, “জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানে ইসলামের বিরুদ্ধে সোচ্চার হওয়া নয়। কারণ জামায়াত চিহ্নিত সন্ত্রাসী-উগ্রবাদী দল এবং স্বঘোষিত পাকিস্তানের দালাল।”
রাশেদ খান মেননও বলেন, “জামায়াতের বিচার মানে ইসলামের বিরুদ্ধে বিচার করা নয়। ধর্মের ধুয়া তুলে কোনো লাভ হবে না।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ‘জামায়াতকে নিষিদ্ধ করা এখন ঘোষণার অপেক্ষা মাত্র’ এই কথা বললে সমাবেশে উপস্থিত নেতাকর্মী করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান।
আমার দেশ-নয়াদিগন্তকে সতর্ক করলেন হানিফ
যুদ্ধাপরাধীদের বিচারকে ভিন্নখাতে নিতে কয়েকটি গণমাধ্যম ও কয়েক জন ব্যক্তি মহানবীকে (স.) হেয় করে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন হানিফ।
আমার দেশ ও নয়াদিগন্ত পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন তথ্য তারা প্রচার করছে।
“আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই- ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন লেখা বন্ধ করুন। নইলে পত্রিকা বন্ধ করে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।”
