২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাখ্যানের আহ্বান মহিউদ্দিন চৌধুরীর

জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন অব্যাহত রাখতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রোববার বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে এক সমাবেশে তিনি আরো বলেছেন, “অন্যায়কারীদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিপূরণ দেব।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাসহ আটক নেতাদের মুক্তি দাবিতে আন্দোলন চালিয়ে আসা জামায়াতের হরতালের আগের দিন কোতোয়ালি থানা আওয়ামী লীগ ওই সমাবেশ করে।

শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, তরুণরা তাদের ধৈর্য, মেধা ও সাহস দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Image
চট্টগ্রামে শনিবার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ চট্টগ্রাম, ডিসেম্বর ০৮, ২০১২

চট্টগ্রামে শনিবার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ চট্টগ্রাম, ডিসেম্বর ০৮, ২০১২

“জামায়াত-শিবিরের অগণতান্ত্রিকভাবে ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে তরুণ প্রজন্ম ও দেশের জনগণ।”

চট্টগ্রামের সব পোশাক কারখানা, ব্যাংক-বীমা, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “আপনারা লাঠি নিয়ে থাকবেন। ষড়যন্ত্রকারীরা আপনাদের আঘাত করতে আসলে আপনারা তা দিয়ে মোকাবেলা করুন।”

জামায়াত দেশে-বিদেশে বিভিন্ন অপশক্তির সাথে সম্পর্ক রেখে অর্থ যোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন।

শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজিব হায়দার হত্যাকাণ্ডের জন্যও জামায়াত- শিবিরকে দায়ী করেন তিনি।

কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি কলিম উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।