রাজশাহীতে পুলিশ-শিবির সংঘর্ষ, আহত ১০
রাজশাহী নগরীতে শুক্রবার দুপুরে পুলিশ ও ইসলামী ছাত্রশিবির সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষের পর পুলিশ ওই এলাকা থেকে আট ব্যক্তিকে আটক করেছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, জুমার নামাজ শেষে মালোপাড়া শাহী মসজিদ এলাকা থেকে ছাত্র-জনতার ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে।
নাশকাতার আশঙ্কায় পুলিশ তাদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস সেল ও রাবার বুলেট ছোড়ে।
আশপাশ এলাকা থেকে আটক আটজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
জামায়াতের ১৫শ’ জনের বিরুদ্ধে দুটি মামলা
বৃহস্পতিবার পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, নগরীর মতিহার থানায় করা একটি মামলায় কাটাখালি পৌর মেয়র মাজেদুর রহমান, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন, সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহহিয়া, শিবিরকর্মী বিপ্লব ও জনিসহ ৬০ জন আসামির নাম উল্লেখ করা হয়।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ১২-১৫শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
হামলা ও বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন ওই থানার এএসআই আব্দুস সালাম।
রাজপাড়া থানার ওসি আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নগরীর রাজপাড়া থানায় অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে।
এ মামলায় মনিরুল ইসলাম নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে কাটাখালি ও বহরমপুর এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষ হয়। এ সময় হাতবোমার বিস্ফোরণ, টিয়ার সেল, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপ এবং গোলাগুলি হয়।
