২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাতে বাধ্য হয়েছে জামায়াত: টুকু

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গণজাগরণের মধ্যেই জামায়াতে ইসলামীর কর্মীরা রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে হামলা-বোমাবাজি চালালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ‘প্রতিহত’ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

শাহবাগের আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার বিকাল ৪টা থেকে তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি পালন করে টুকু সাংবাদিকদের বলেন, “ওরা (জামায়াত শিবির) জ্বলন্ত উনুনে হাত দিয়েছে, জ্বলে-পুড়ে ছাড়খার হয়ে যাবে।”

কারওয়ানবাজার ও মতিঝিলে জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডব প্রসঙ্গে টুক বলেন, “ আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীদের পিছু হটতে বাধ্য করেছে। পুলিশ জীবনপণ লড়াই করে তাদের প্রতিহত করবে।”

জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশ দেয়া হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “তাদের প্রতি আমাদের নির্দেশ জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে।”

শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “নতুন প্রজন্ম জেগে উঠেছে, সবাই তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।”

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে দিন-রাত আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। একই দাবিতে জেগে উঠেছে সারা দেশ। শাহবাগের আন্দোলনকারীদের ডাকে মঙ্গলবার বিকালে তিন মিনিট যার যার অবস্থানে দাঁড়িয়ে ফাঁসির দাবিতে সংহতি জানিয়েছে সারা দেশের মানুষ।        

সচিবালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিয়ে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শুধু যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারী নয়, তাদের সহযোগী, আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও বিচার করা হবে।

প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জোট থেকে জামায়াতকে ছিন্ন করুন। যুদ্ধাপরাধীদের জোট থেকে বের করে দিয়ে জনতার কাতারে শামিল হন।

অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী শফিক আহমেদ, নৌমন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রবাসী কল্যাণ মন্ত্রী মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সচিবালয়ের সামনে সংহতিতে দাঁড়ান।

এছাড়া আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানও তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি শামিল হন।

অন্যদের মধ্যে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান, পূর্ত সচিব শওকত হোসেন, তথ্য সচিব হেদায়েতুল্লা আল মামুন, নৌসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, সগক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, খাদ্যসচিব মুশফেকা ইসফাৎ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

তিন মিনিটের এ কর্মসূচির আগে ও পরে মন্ত্রীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে অনেকেই ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান।