২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতি পূরণের পথে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষমতার চার বছর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ীই সরকার কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শনিবার বিকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফার দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

শেখ হাসিনা বলেন, চার বছরের মধ্যে যে সব কাজ করার কথা ছিলো, তার সবই করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কাজ করা হয়েছে।

জনগণের প্রতি তার সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। আমরা জনগণের জন্য গত চার বছর ধরে কাজ করেছি। আগামীতেও কাজ করবো।”

দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও কৃষিতে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। শান্তি নিশ্চিত করতে চায়।

জনগণের উন্নয়ন নিশ্চিত করতে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সময়ে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে প্রায় সাড়ে পাঁচ হাজার নির্বাচন হয়েছে।

নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাপ্রকাশ করেন শেফার।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা উল্লেখ করে শেফার বলেন, বাংলাদশের জনগণের অভাবনীয় পরিবর্তন হয়েছে।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক এই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।