‘যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টাকারীরাও সমান অপরাধী’
মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের রক্ষার নামে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “অপরাধীদের রক্ষার নামে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তারাও সমান অপরাধী।”
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একই দাবিতে এর আগে বেশ কয়েকবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। রাতে উত্তরায় হরতাল সমর্থকরা বাসে আগুনে দিলে নিহত হয় একজন।
এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে শেখ হাসিনা বলেন, “এই তাণ্ডব বন্ধ করুন। তা না হলে পরিণতি আরো খারাপ হবে।”
যুদ্ধাপরাধের বিচার নিয়ে তিনি বলেন, “ইনশাল্লাহ এ রায় কার্যকরও হবে।”
অপরাধীদের রক্ষার জন্য যারা পুলিশের ওপর হামলা করছে, মানুষকে পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যারা একাত্তরে মানুষ হত্যা করেছিল, মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল- এখন যারা তাদের জন্য মানুষ হত্যা করছে। আমি তাদের বলব, আমাদের ধর্মে কী কোথাও বলা আছে- মানুষকে পুড়িয়ে হত্যা করার কথা?”
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “তারা যে আন্দোলন করছে- তারা কাদের জন্য আন্দোলন করছে? এখন যারা রাস্তায়, এই যুব সমাজ যারা রাস্তায়-তাদের অনেকের জন্ম একাত্তরে হয়নি। তারা জানে না যাদের স্বার্থে তারা রাস্তায় নেমেছে- কী জঘন্য অপরাধ তারা করেছিল।”
শেখ হাসিনা বলেন, “তারা ১৯৭১ সালের ঘটনা দেখুক। তারা নিজেরাই লজ্জা পাবে।”
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেন। পঁচাত্তরের পর ক্ষমতায় এসে জিয়াউর রহমান সামরিক অধ্যাদেশ জারি করে এই বিচারের কাজ বন্ধ করেন। তার সময়ে পাকিস্তানে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীরা বাংলাদেশে ফিরে আসে।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়ানো হয়।
মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৪৪ জন কাউন্সিলরকে শপথ পড়ান।
গত বছরের ২০ ডিসেম্বর নবগঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়। এতে জেলা আওয়ামী লীগ নেতা ও নাগরিক কমিটির প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র নির্বাচিত হন।
আর কাউন্সিলরের মধ্যে ৩৩ জন সাধারণ এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
রংপুরের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা।
সিটি করপোরেশনের উন্নয়নে ২০ থকে ৩০ বছরের পরিকল্পনা নেয়ার জন্য রংপুরের মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহবান জানান তিনি।
“যে পরিকল্পনা অনুযায়ী ঢাকা গড়ে ওঠার কথা ছিল, সেভাবে ঢাকা গড়ে উঠেনি। ঢাকা অনেক বড় হয়েছে। এখন আমরা যেখানে বসে আছি- তাও এক সময় ঢাকার মধ্যে ছিল না।”
“রংপুর সিটি করোরেশনকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে”, বলেন প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং রংপুরের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু অনুষ্ঠানে বক্তব্য দেন।
