তারেক কোকোর খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ঋণ খেলাপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১১ বিবাদি সমনের জবাব না দেয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
তারেক রহমান ও আরাফাত রহমান কোকো
৪৫ কোটি ৪৯ লাখ টাকা ফেরত চেয়ে গত ২ অক্টোবর অর্থঋণ আদালতে এই মামলা দায়ের করেন ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
আদালত মামলাটি গ্রহণ করে ২২ অক্টোবর বিবাদিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেয়। এরপরও তাদের সাড়া না পেয়ে ১১ বিবাদির সন্ধানে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের এই আদেশ দিল আদালত।
মামলায় বলা হয়, বিগত বিএনপি সরকারের সময়ে ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদিরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১২ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ঋণ পরিশোধের সময় পার হয়ে গেলেও তারা ঋণ পরিশোধ করেনি। ফলে সুদ-আসলে তাদের দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৪৯ লাখ টাকা।
বিবাদিরা হলেন ড্যান্ডি ডাইং লিমিটেড, ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার ভাই এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তাদের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার।
তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম এবং গাজী গালিব আব্দুস সাত্তার, মোজাফফর আহম্মদ।
এদের মধ্যে মোজাফফর আহম্মদ মারা যাওয়ায় এ মামলায় তার স্ত্রী শামসুন নাহার এবং তার ছেলে মাসুদ হাসানকে পক্ষভূক্ত করা হয়েছে।
