২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সংঘর্ষ-হতাহতের ঘটনায় ৪ মামলা

হরতালের সময় বগুড়ায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় চারটি মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

Image
বৃহস্পতিবার হরতালে বগুড়ার সাতমাথায় পুলিশের ওপর হামলায় শিবিরকর্মীরা।

বৃহস্পতিবার হরতালে বগুড়ার সাতমাথায় পুলিশের ওপর হামলায় শিবিরকর্মীরা।

এরমধ্যে দুটি মামলা করেছে পুলিশ এবং অপর দুটি করেছেন দুই নিহতের স্বজনরা।

পুলিশের দুই মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া নিহত আবু রোহানীর মামা ও মিজানুর রহমানের স্ত্রীর করা মামলার প্রত্যেকটিতে ৮/১০ জন করে অজ্ঞাত পরিচয় আসামি দেখানো হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক সৈয়দ শহীদ আলম বলেন, শুক্রবার মিজানুর রহমানের স্ত্রী হালিমা আক্তারের করা মামলায় অজ্ঞাত পরিচয় ৮/১০ জনকে আসামি করা হয়।

একইদিন রোহানীর ভগ্নিপতি মো. হারুনের মামলায়ও অজ্ঞাত পরিচয় ৮/১০ জনকে আসামি করা হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের সাতমাথায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন।

এছাড়া সরকারি আযিযুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার হরতাল চলাকালে বগুড়া শহরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় শহরে একটি ছাত্রবাসে আগুন দেয়া ছাড়াও ব্যাপক ভাংচুর চালায় হরতালকারীরা।

দিনব্যাপী সংঘর্ষে সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি আবু রোহানী, জামায়াতকর্মী আবদুল্লাহ এবং পোল্ট্রি ব্যবসায়ী মিজানুর রহমান নিহত হন।

জামায়াত-শিবির তিন জনকেই নিজেদের কর্মী বলে দাবি করলেও পুলিশ বলছে, মিজানুর সাধারণ ব্যবসায়ী ছিলেন।

পুরনো খবর:

বগুড়ায় দুই মামলায় আসামি ৩ হাজার