বগুড়ায় দুই মামলায় আসামি ৩ হাজার
হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলায় হয়েছে বগুড়ায়।
বৃহস্পতিবার হরতাল চলাকালে বগুড়া শহরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় শহরে একটি ছাত্রবাসে আগুন দেয়া ছাড়াও ব্যাপক ভাংচুর চালায় হরতালকারীরা। দিনব্যাপী সংঘর্ষে তিন জন নিহত হন।
বগুড়া পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের সাতমাথায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো দেড় হাজার ব্যক্তিকে আসমি করে একটি মামলা করেছেন।
এছাড়া সরকারি আযিযুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন।
নিহত তিনজনের লাশ দাফনের জন্য তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে এএসপি মকবুল জানান।
বৃহস্পতিবারের সংঘর্ষে নিহত এই তিনজন হলেন- সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি আবু রোহানী, জামায়াত কর্মী আবদুল্লাহ ও পোল্ট্রি ব্যবসায়ী মিজানুর রহমান।
জামায়াত-শিবির তিন জনকেই নিজেদের কর্মী বলে দাবি করলেও পুলিশ বলছে, মিজানুর সাধারণ ব্যবসায়ী ছিলেন।
মিজানুর রহমানের লাশ কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগর গ্রামে, আব্দুল্লার লাশ জয়পুরহাট জেলার কালাই উপজেলার আদর্শপাড়া গ্রামে এবং রোহানীর লাশ বগুড়া সদরের এরুলিয়া মন্ডলপাড়ার পাঠিয়ে দেয়া হয়েছে।
হতাহতের ঘটনায় শনিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালেরও ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্রশিবির।
